গিটার ফিরে পেয়ে রেল সুরক্ষার প্রশংসায় পঞ্চমুখ বিদেশিনী
ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো বাদ্য। প্রশংসায় ভরালেন আরপিএফ-কে।
সম্পূর্ণ অন্য দেশে কোনও সর্বসাধারণের ভিড়ে জমজমাট কোনও জায়গায় কিছু ভুলে ফেলে আসার পর সেটা ফিরে পাওয়ার সম্ভাবনা কমই থাকে। তা কেউ ফেলে দিতে পারেন। নিয়ে যেতে পারেন। চুরি হয়ে যেতে পারে।
হতে পারে অনেক কিছুই। কিন্তু সুরক্ষা বন্দোবস্ত ঠিকঠাক হলে তা আটকানো সম্ভব। সেটাই করে দেখাল আরপিএফ বা রেলওয়ে প্রোটেকশন ফোর্স। ঘটনার শুরু একটি রেলস্টেশনে।
মাইসুরু রেলস্টেশন। এখানেই এসে দাঁড়িয়েছিল একটি ট্রেন। যাতে অন্যদের সঙ্গে যাত্রা করছিলেন এক বিদেশিনী তরুণী। যিনি নেদারল্যান্ডস থেকে ভারতে বেড়াতে এসেছেন। তিনি ওই স্টেশনে নেমে যান। তারপর কিছুটা পরে তাঁর খেয়াল হয় সঙ্গে থাকা গিটারটি তিনি ফেলে এসেছেন ট্রেনেই।
দ্রুত তিনি সেকথা জানান আরপিএফ-কে। আরপিএফ-এর তরফ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। অশোকাপুরম স্টেশনের কর্মীদের সঙ্গে যৌথভাবে গিটারটি খুঁজে পান আরপিএফ আধিকারিকরা।
তাঁরা এরপর ওই তরুণীকে ডেকে পাঠান। নিশ্চিত হন যে গিটারটি ওই তরুণীরই। তারপর তাঁর জিনিস তাঁকে ফিরিয়ে দেন। হয়তো নিজের গিটার পাওয়ার আশা প্রায় ছেড়ে দিয়েছিলেন ওই তরুণী। তা আবার ফিরে পেয়ে তাই আনন্দ ধরে রাখতে পারেননি।
আরপিএফ-এর প্রশংসায় কার্পণ্য করেননি তিনি। বিষয়টি সমাজ মাধ্যমে ডিআরএম মাইসুরু-র তরফে তুলে ধরা হয়। ট্রেনে কিছু ভুলে ফেলে আসা মানে তা ফিরে পাওয়ার আশা শেষ এমনটা মনে করার কোনও কারণ যে নেই, তা এই ঘটনা থেকে পরিস্কার।













