National

ট্রেনের টয়লেটে আর স্টিলের মগ পাওয়া যাবেনা, আসছে নতুন ব্যবস্থা

ট্রেনে যাঁরা ভ্রমণ করেন তাঁরা জানেন ট্রেনের টয়লেটে চেনে বাঁধা একটি স্টিলের মগ থাকে। আগামী দিনে সেই মগ আর কোনও ট্রেনেই দেখতে পাওয়া যাবেনা।

ট্রেনে দীর্ঘসময় যাত্রা করতে গেলে টয়লেটে যাওয়ার প্রয়োজন তো পড়েই। সকলেই জানেন ট্রেনের টয়লেটে একটি চেন দিয়ে বাঁধা স্টিলের মগ থাকে যাত্রীদের সুবিধার্থে। যাতে জল ব্যবহারে কোনও অসুবিধা না হয়।

কিন্তু আগামী দিনে ভারতীয় রেলে আর এমন স্টিলের মগ দেখতে পাওয়া যাবেনা। সব দূরপাল্লার ট্রেনের টয়লেট থেকে স্টিলের মগ সরিয়ে নিতে চলেছে ভারতীয় রেল। তার জায়গায় আসছে নতুন উপায়।

মগ ছাড়াও নিচের দিক করে একটি কল থাকে ট্রেনের টয়লেটে। সেই কলও আর রাখবে না রেল। যাত্রীদের জন্য আগামী দিনে প্রতিটি ট্রেনের টয়লেটে জেট স্প্রে ব্যবস্থা চালু করছে রেল কর্তৃপক্ষ। এ নিয়ে প্রয়োজনীয় নির্দেশ ইতিমধ্যেই রেলের প্রতিটি জোনের আধিকারিকদের কাছে পৌঁছে গিয়েছে।

ট্রেনের পরিচ্ছন্নতার দিকে বিশেষ জোর দিতে চাইছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি স্টেশন থেকে শুরু করে ট্রেনের কামরা ও ট্রেনের টয়লেট পরিচ্ছন্ন রাখতে নির্দেশ দিয়েছেন। এতে যাত্রীরা একটা পরিচ্ছন্ন রেল যাত্রা উপভোগ করতে পারবেন।

অনেকেই অপরিচ্ছন্নতার কারণে ট্রেনের টয়লেট ব্যবহার পারতপক্ষে এড়িয়ে চলেন। এবার যদি রেলমন্ত্রীর উদ্যোগে রেলের টয়লেট পরিচ্ছন্নতা পায় তাহলে তা যাত্রীদের জন্য অবশ্যই বড় প্রাপ্তি হবে।

কারণ দূরপাল্লার যাত্রার ক্ষেত্রে ট্রেনের টয়লেট অনেক সময়ই যাত্রীদের জন্য মাথাব্যথার কারণ হয়ে ওঠে। রেলমন্ত্রী জানিয়েছেন, ২০২৬ সালে ৫২ সপ্তাহে ৫২টি সংস্কার, এই লক্ষ্যে ছুটতে চায় রেল।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *