এই প্রথম এমন এক দ্বীপপুঞ্জে গিয়ে নোঙর করল ভারতীয় নৌ জাহাজ সুদর্শিনী

স্বাধীনতার পর বহু বছর কেটে গেছে। কিন্তু এই দ্বীপপুঞ্জে এর আগে কখনও কোনও ভারতীয় নৌ জাহাজ গিয়ে ঠেকেনি। সেক্ষেত্রে এটা ছিল ঐতিহাসিক মুহুর্ত।

ক্যানারি দ্বীপপুঞ্জে সুদর্শিনী, ছবি – সৌজন্যে – এক্স – @indiannavy

গত জানুয়ারি মাসে কোচি থেকে যাত্রা শুরু করেছিল ভারতীয় নৌসেনার জাহাজ সুদর্শিনী। জাহাজটি প্রশিক্ষণের কাজে লাগানো হয়। জাহাজে নৌসেনার আধিকারিকরাও ছিলেন।

জাহাজটি কারও সঙ্গে লড়াই করতে পাড়ি দেয়নি। বরং ভারতের আদি বার্তা বসুধৈব কুটুম্বকম অর্থাৎ গোটা পৃথিবী একটি পরিবার, এই ভাবনাকে সামনে রেখে জলে ভেসে পড়ে।

এরপর ওমান, মিশর, মাল্টা, ফ্রান্স এবং মরক্কো ঘুরে গত বৃহস্পতিবার আইএনএস সুদর্শিনী নোঙর করেছে আটলান্টিক মহাসাগরের বুকে স্পেনের স্বায়ত্তশাসিত দ্বীপপুঞ্জ ক্যানারি আইল্যান্ডস-এর শহর লা পালমাস-এ।

ভারতীয় কোনও নৌ জাহাজ অন্য দেশে গিয়ে নোঙর করা নতুন কিছু নয়। কিন্তু ক্যানারিজ-এ নোঙর করা অবশ্যই ঐতিহাসিক। কারণ এই প্রথম কোনও ভারতীয় নৌজাহাজ ক্যানারিজ-এ গিয়ে নোঙর করল।

জাহাজটি নোঙর করার পর আইএনএস সুদর্শিনী ঘুরে দেখার সুযোগও পাচ্ছেন সেখানকার বাসিন্দারা। সেখানকার বাসিন্দারা যেমন এই জাহাজ ঘুরে দেখার সুযোগ পাচ্ছেন, তেমনই সেখানে থাকা ভারতীয়রাও দেশ থেকে বহু দূরে দেশের একটি নৌ জাহাজে পা রাখার সুযোগ পাচ্ছেন।

স্পেনের নৌসেনার আধিকারিক ও ভারতের আইএনএস সুদর্শিনী-তে যাত্রা করা নৌ আধিকারিকদের মধ্যে বেশ কিছু বিষয়ে আলোচনাও হয়েছে। সমুদ্রে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে কথা হয়েছে।

সেই সঙ্গে ২ দেশের মানুষের মধ্যে সম্পর্কের বন্ধন আরও শক্ত করাও আইএনএস সুদর্শিনীর উদ্দেশ্য। এদিকে ভারতীয় এই নৌ জাহাজটি আটলান্টিক মহাসাগর চষে পৌঁছবে আমেরিকার কয়েকটি উপকূলীয় শহরেও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা