হাতকড়া তো পুলিশ অনেক পরায়, এমন হাতকড়া বোধহয় এই প্রথম, যা ভাবনার অতীত
পুলিশের কাজে হাতকড়া তো অনেকসময় ব্যবহার করতেই হয়। কিন্তু এবার পুলিশই এমন হাতকড়া পরাল যে তা পৃথিবীর যে কোনও পুলিশকর্মীকে অবাক করতে পারে।
এমনও হয় নাকি! প্রাথমিকভাবে বিষয়টি নজর করার পর এমনই এক প্রশ্ন সামনে আসে। সাধারণ মানুষের মনেও এমন একটা প্রশ্ন আসতেই পারে। একজন পুলিশকর্মী জীবনে অনেক অপরাধীকেই হাতকড়া পরিয়ে থাকেন। এটা নতুন কিছু নয়। কিন্তু এবার এক পুলিশ আধিকারিক যাকে হাতকড়া পরালেন তাকে দেখে অবাক হয়ে যেতে হয়।
তাকে হাতকড়া পরিয়ে ধরে আনা হলেও তার ওপর থাকা সব অপরাধজনিত অভিযোগ তুলে নিয়েছে পুলিশ। এখানেও চমক। যাকে পাকড়াও করা হল তার বিরুদ্ধে কি আদৌ অপরাধমূলক কাজের অভিযোগ হতে পারে!
বিষয়টা আদপে বেশ নজরকাড়া। একটি এমু পাখি রাস্তায় এধার ওধার ঘুরে বেড়াচ্ছিল। বড় চেহারার পাখি। তাকে দেখার পর তাকে ধরতে এগিয়ে যান এক পুলিশকর্মী। ওই পুলিশকর্মীর পুলিশের চাকরিতে ২৫ বছরের ওপর কাটিয়ে ফেলা হয়ে গিয়েছে।
তিনি এমুটিকে ধরার যতই চেষ্টা করতে থাকেন, ততই সে তাঁর হাত ফস্কে পালিয়ে যায়। বড় চেহারার এই পাখিকে কব্জা করা কিছুতেই যাচ্ছিল না। প্রায় ৪৫ মিনিট ধরে এমুর পিছনে ছুটে বেরিয়েও তাকে ধরতে না পেরে অবশেষে একটি মোটা দড়িকে কাজে লাগান ওই পুলিশকর্মী।
তাতে কাজও হয়। অবশেষে দড়ির ফাঁসে আটক হয় এমু। কিন্তু ওই পুলিশকর্মী কোনও ঝুঁকি নিতে চাননি। তিনি এমুর একটি পায়ে সঙ্গে থাকা হাতকড়াটিও পরিয়ে দেন। তারপর তাকে ধরে আনা হয়। ফিরিয়ে দেওয়া হয় তার মনিবের কাছে।
ঘটনাটি ঘটেছে ফ্লোরিডায়। পুলিশের তরফ থেকে মজা করে সোশ্যাল মিডিয়ায় ঘটনার কথা জানিয়ে এটাও জানানো হয় যে এমুটির বিরুদ্ধে ওঠা সব অভিযোগ তুলে নেওয়া হয়েছে। এদিকে এই ঘটনায় সবচেয়ে নজর কেড়েছে এমু পাখিকে হাতকড়া পরানো। এমন হাতকড়া পৃথিবীর কোনও পুলিশকর্মীই বোধহয় পরাতে পারেননি।













