২টি পাখির ভয়ে পালিয়ে অচেনা মানুষের গাড়িতে আশ্রয় নিলেন এক ব্যক্তি

নিজেকে রক্ষা করার জন্য অবশেষে এক অচেনা মানুষের গাড়িতে ঢুকে পড়লেন তিনি। সেটাও ২ পাখির ভয়ে। এছাড়া বোধহয় উপায়ও ছিলনা।

কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত চিত্রে টার্কি পাখি, প্রতীকী ছবি

পাখির কলরব মানুষকে প্রশান্তি দেয়। মন ভাল করে। পাখির ডাক যেমন সুন্দর তেমনই তাদের রূপ। নানা রংবেরংয়ের পাখি দেখতে পেলে চোখের শান্তি, মনের শান্তি। এই মন ভাল করা পাখিরা কি ভয়ংকরও হয়ে উঠতে পারে? এতটা ভয়ংকর যে কাউকে প্রাণ নিয়ে পালিয়ে এক অপরিচিত মানুষের গাড়িতে আশ্রয় নিতে হয়?

এমনটাই তো ঘটেছে। ২টি পাখির ভয় যে ওই মানুষটিকে কতটা আতঙ্কিত করে তোলে তা যাঁরা দেখেছেন তাঁরা বিলক্ষণ জানেন। শহরের অনেকটাই বরফে ঢাকা। রাস্তাটা কিছুটা বরফমুক্ত হলেও রাস্তার ২ ধার বরফে সাদা হয়ে আছে।

সেই বরফের ওপর দিয়েই হেঁটে যাচ্ছিলেন এক ব্যক্তি। আচমকা ২টি টার্কি তাঁর পিছু ধাওয়া করে। নাছোড় জোড়া টার্কি ওই ব্যক্তির পিছু ছাড়ার নয়। প্রথমে পাখি ২টিকে তাড়ানোর চেষ্টা করেন তিনি। কিন্তু কাজ হয়নি। বরং আরও ওই ব্যক্তির ওপর উঠে আসতে থাকে তারা।

অগত্যা ঘুরে দাঁড়িয়ে ওই ব্যক্তি পদাঘাত করতে থাকেন বরফের ওপর। বরফ উড়ে গিয়ে পড়ে ২ টার্কির ওপর। কিন্তু তারা তাতেও পালাবার নয়। বরং তাড়া করা আরও বাড়িয়ে দেয় ওই ২ আক্রমণাত্মক টার্কি।

অগত্যা রাস্তার ওপর দিয়েই প্রায় ছোটার মত করে এগিয়ে যান ওই ব্যক্তি। তাতেও যখন বোঝেন ২ টার্কি তাঁর পিছু ছাড়ার নয়, তখন রাস্তা দিয়ে যাওয়া এক অচেনা মানুষের গাড়িতে উঠে পড়েন তিনি।

সেই গাড়িতে থাকা মহিলা অবশ্য তাঁকে না করেননি। গাড়িটি এগিয়ে যায়। টার্কি ২টি গাড়ির পিছু আর ধাওয়া করেনি। ঘটনাটি ঘটেছে কানাডার অটোয়াতে।