ভারতের অনেক জায়গার নারকেল বিখ্যাত। দক্ষিণ ভারতে তো নারকেলের শাঁস, নারকেলের জল, ডাবের জল, নারকেলের তেল যথেষ্ট ব্যবহার হয়ে থাকে। আবার নারকেল সমান তালে বিশ্ব বাজারেও পৌঁছে যাচ্ছে।
ভারতের নারকেলের চাহিদা রয়েছে বিশ্বজুড়েই। কিন্তু এসবের বাইরেও নারকেল ভারতের মাথা বিশ্বজুড়ে উঁচু করে রেখেছে। আর সেটা হচ্ছে নারকেলের ছোবড়া দিয়ে। ভারত হল বিশ্বের ৮০ শতাংশ নারকেল ছোবড়া প্রস্তুতকারক রাষ্ট্র।
নারকেলের ছোবড়া থেকে নারকেল দড়ি, নারকেল দিয়ে তৈরি মাদুর জাতীয় জিনিস থেকে নারকেল ছোবড়া কাজে লাগিয়ে তা দিয়ে নানারকম ঘর সাজানোর জিনিস তৈরি করা, সবই হচ্ছে ভারতে। যার চাহিদাও বিভিন্ন দেশে যথেষ্ট।
নারকেল ছোবড়া আলাদা করা, তা দিয়ে দড়ি তৈরি করার কাজ থেকে শুরু করে নারকেল ছোবড়া দিয়ে নানারকম হস্তশিল্প, এসব ভারতের অনেক মানুষের কর্ম সংস্থানের রাস্তা খুলে দিয়েছে। বহু মহিলা এ কাজে লিপ্ত।
কেউ আলাদা করে তো কেউ কোনও সমবায়ের অংশ হয়ে কাজ করছেন। যা তাঁদের নিয়মিত রোজগারের ব্যবস্থা করে দিয়েছে। নারকেল ছোবড়া কাজে লাগিয়ে নানা জিনিস তৈরি করার জন্য অনেক স্বরোজগার প্রকল্প কাজ করে চলেছে।
একেবারে ডাব থেকে শুরু করে নারকেলে পরিণত হওয়া থেকে নারকেলের ছোবড়া পর্যন্ত সবই কাজে লাগছে। এমনকি নারকেলের খোল দিয়েও নানা হস্তশিল্পের কাজ হয়। যার দাম দেশি-বিদেশি বাজারে অনেক। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা