অবসর গ্রহণ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন অমিতাভ বচ্চন

একটি ব্লগে অমিতাভ বচ্চন এবার কাজ থেকে অবসরের কথা বলেছেন, এমন একটা বিষয় গত কয়েকদিনে ঘুরছিল মানুষের মুখে। এবার তা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন অমিতাভ বচ্চন।

অমিতাভ বচ্চন, ছবি – সৌজন্যে – এক্স – @SrBachchan

তিনি মাঝে মাঝেই ব্লগ লেখেন। যেসব ব্লগের কয়েকটি সমালোচিতও হয়েছে। আবার কিছু ব্লগের বক্তব্য নিয়ে জল্পনাও জমাট বেঁধেছে। কয়েকদিন আগে এমনই একটি ব্লগ লিখেছিলেন অমিতাভ বচ্চন।

সেই ব্লগে যা লেখা হয়েছিল তার থেকে অনেকেই মনে করেছিলেন অমিতাভ বচ্চন এবার তাঁর কর্মময় জীবন থেকে অবসর গ্রহণ করতে চান। ব্লগে থাকা একটি শব্দ রিটায়ার নিয়ে আলোচনা তুঙ্গে ওঠে।

৮৪ বছর বয়সের এই বলিউড কিংবদন্তী আর তাঁর শরীরে পারছেন না। এবার তিনি কাজ থেকে অবসর নিতে চাইছেন। এমন কথা বিভিন্ন জনের মুখে মুখে ঘুরছিল।

এবার সেই জল্পনা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন অমিতাভ বচ্চন। তিনি কি সত্যি অবসর গ্রহণ করছেন? অমিতাভ বচ্চন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন তিনি কোনও অবসর নিচ্ছেন না। তাঁর ব্লগের শব্দের ভুল মানে করা হয়েছে।

অমিতাভ রিটায়ার শব্দটা ব্যবহার করেছিলেন ঘুমোতে যাওয়া বোঝাতে। তিনি কাজ থেকে বিরতি নিয়ে ঘুমোতে যাওয়ার কথা বলেছিলেন। আর সেখানে সাধারণ মানুষকে তিনি স্বাগত জানাচ্ছেন না। তিনি যে এখন সকাল ৭টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত টানা কাজ করছেন সেকথাও জানিয়েছেন অমিতাভ।

অমিতাভ বচ্চন গত সোমবার স্পষ্ট করে দিয়েছেন, তিনি এখন কাজ করে যাবেন। অবসর গ্রহণের প্রশ্নই নেই। বলিউড কিংবদন্তির অনুরাগী মানুষের অভাব নেই। তাঁরা অমিতাভ বচ্চনের কাজ চালিয়ে যাওয়ার বক্তব্যে খুশি। অবসর নিতে চলেছেন শুনে বরং তাঁদের মন খারাপ হয়েছিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা