বর্ষা প্রায় শেষ আর উৎসবের শুরু। এটাই প্রতিবছর ভারতের উৎসব মানচিত্র। এই একের পর এক উৎসবের আনন্দকে আরও রসনাময় করে তুলতে মিষ্টি আবশ্যিক।
ভারতীয় পরম্পরার উৎসব আনন্দে মিষ্টির কোনও বিকল্প তৈরি হয়নি। কিন্তু সাধারণ মানুষের হেঁশেলেই তো এখন চিনি বহুমূল্য। চিনি কিনতে হিমশিম অবস্থা হচ্ছে মানুষের।
এই পরিস্থিতি থেকে মানুষকে রেহাই দিতে এবার উৎসবের আগে বড় পদক্ষেপ করল সরকার। চিনির ডিলারদের কড়া শর্ত দিয়ে দিয়েছে কেন্দ্র।
অসাধু উপায়ে চিনি মজুত করে রাখার ওপর এবার নিয়ন্ত্রণ তৈরিতে জোর দিল সরকার। এখন একজন চিনির ডিলার ৪ হাজার কুইন্টাল পর্যন্ত চিনি ধরে রাখতে পারেন। সেটাই আগামী ১৫ সেপ্টেম্বর থেকে হয়ে যাবে ২ হাজার কুইন্টাল।
২ হাজার কুইন্টাল পর্যন্ত চিনি তিনি মজুত করে রাখতে পারলেও তার বেশি রাখতে পারবেননা। তাহলে সেটি বেআইনি হিসাবে গৃহীত হবে। এই নিয়ম আপাতত ৩০ নভেম্বর পর্যন্ত বলবত রাখার কথা বলেছে কেন্দ্র।
এরফলে আগামী দিনে বাজারে চিনি আরও বেশি আসবে। চিনি মজুত করে রাখার সুযোগ কমলে তা বাজারে ছাড়তে বাধ্য হবেন ডিলাররা।
বাজারে চিনি যত বেশি পৌঁছবে ততই তার চাহিদা পূরণ সহজ হবে। আর সেটা হলে আখেরে দাম নিয়ন্ত্রণে থাকবে। চাহিদা ও যোগানের ভারসাম্য থাকলে দাম নিয়ন্ত্রণে থাকাটাই স্বাভাবিক। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা