পশ্চিম এশিয়ায় শান্তি ফেরাতে ট্রাম্পের সঙ্গে আলোচনায় রাজি অভিনেতা বোমান ইরানি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে রাজি অভিনেতা বোমান ইরানি। সঙ্গে থাকবেন আরও ২। পশ্চিম এশিয়ায় শান্তি ফেরাতে চান বোমান।
পশ্চিম এশিয়ায় শান্তি ফেরাতে আমেরিকা ইরানিদের সঙ্গে আলোচনায় বসতে রাজি। এই পরিস্থিতিতে যা নিয়ে চর্চা চলছে বিশ্বজুড়ে। এরমধ্যেই একটি মিম সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে মজার ছলেই বলা হয়েছে বোমান ইরানি, স্মৃতি ইরানি এবং অরুণা ইরানি ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে রাজি।
পুরোটাই মজা। যেখানে এই অভিনেতাদের নামের শেষে ইরানি থাকাটাই কাজ করেছে। বোমান ইরানি এই নিয়ে আরও একধাপ এগিয়ে সমাজ মাধ্যমে লিখেছেন তিনি আলোচনায় বসতে রাজি। পশ্চিম এশিয়ায় শান্তি ফেরাতে তিনি প্রস্তুত। কেবল তিনি নন। সঙ্গে থাকবেন স্মৃতি ইরানি এবং অরুণা ইরানিও।
তবে একটা শর্তও দিয়েছেন বোমান। তিনি লিখেছেন, এই আলোচনা করতে তিনি ওয়াশিংটন যাবেননা। বরং মার্কিন প্রতিনিধিদের মুম্বইয়ের দাদরের পার্সি কলোনিতে আসতে হবে। সেখানে অবশ্য তাঁদের খাতির যত্নের ত্রুটি হবেনা। এমনকি একটি গ্যাস সিলিন্ডারও তাঁদের জন্য নিয়ে আসা হবে।
পুরোটাই মজা। পদবি ইরানি হওয়ায় যে মিম সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল কার্যত তার রেশ টেনেই বোমানের এই রসিকতা। তবে পশ্চিম এশিয়ার পরিস্থিতি ক্রমেই ঘোরাল হচ্ছে। নতুন করে লেবাননে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইজরায়েল।
এরমধ্যেই শর্তসাপেক্ষে মার্কিন প্রেসিডেন্ট ইরানের সঙ্গে আলোচনা চেয়েছেন। ইরানই এই শান্তি আলোচনা চাইছে বলেও দাবি করেছেন ট্রাম্প। যদিও ট্রাম্পের দাবিকে অস্বীকার করেছে ইরান। ট্রাম্প সত্য বলছেন না বলে দাবি করেছে তেহরান। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা













