পৃথিবীতে চামড়ার শহর হিসাবে স্বীকৃত শহরটি রয়েছে ভারতেই, নামটাও সকলের জানা

পৃথিবী জুড়ে চামড়া দিয়ে তৈরি নানা জিনিস ব্যবহার হয়ে থাকে। একটি শহরকে ডাকা হয় চামড়ার শহর বলে। যা রয়েছে ভারতেই।

উত্তরপ্রদেশের কানপুর শহর, ছবি – সৌজন্যে – ফ্লিকার – @Kenny D

ব্রিটিশ শাসনে ব্রিটিশরা এই শহরে চামড়া দিয়ে তৈরি করত ঘোড়ার জিন। ঘোড়ার পিঠে বসার জন্য চামড়ার যে আসন জাতীয় জিনিস পরানো থাকে সেটাই জিন। দেশজুড়ে সেই ঘোড়ার জিনের চাহিদা পূরণ হত এই শহর থেকে। এই শহরে ঘোড়ার জিন তৈরির কারখানা তৈরি হয়। তৈরি হয় অনেক চামড়া প্রক্রিয়াজাতকরণের কারখানাও।

ক্রমে সময়ের সঙ্গে সঙ্গে এখানে চামড়া দিয়ে ঘোড়ার জিনের সঙ্গে আরও নানা জিনিস তৈরি শুরু হয়। যার মধ্যে রয়েছে ব্যাগ, পোশাক, জুতোর মত জিনিস। যার আবার চাহিদা দেশের সীমা পার করে বিদেশেও ছড়িয়ে পড়ে। ফলে এই শহর চামড়ার শহর হিসাবে পরিচিতি পেতে থাকে।

স্বাধীন ভারতে এই শহরের চামড়ার প্রক্রিয়াজাতকরণ কারখানার সংখ্যা দাঁড়ায় ৪০০টির ওপর। যা এখন রয়েছে জাজমাউ ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টারে। এখানেই রয়েছে অনেক চামড়ার কারখানা।

এ শহর ভারতের চামড়ার শহর হওয়ার পাশাপাশি বিশ্বের চামড়ার শহর হিসাবেও স্বীকৃতি পেয়েছে। উত্তরপ্রদেশের কানপুর শহরকে ডাকা হয় লেদার সিটি অফ ওয়ার্ল্ড বলে।

ভারতের এই শহরে এখন চামড়ার নানা জিনিসপত্র তৈরি হয়। একসময় ঘোড়ার জিন দিয়ে পথচলা শুরু করে এখন বিশ্বের নানা দেশে কানপুরে তৈরি চামড়ার নানা উপকরণ যায়।

এ শহরের অর্থনীতির এক বড় ভরসার নাম এই চামড়ার জিনিস। যা এখান থেকে কাছের আগ্রা শহরেও পৌঁছে যায়। আগ্রার চামড়ার জুতো থেকে নানা জিনিস বিখ্যাত।