এবার একদম অন্য হোলি পালন করলেন অমিতাভ বচ্চন, জলসা নিয়ে আবেগ
বলিউডে অমিতাভ বচ্চনের হোলি বিখ্যাত। তাঁর বাড়িতে হোলির আয়োজন সবসময় নজর কেড়েছে। এবার তিনি একদম অন্য হোলি পালন করলেন।
অমিতাভ বচ্চন অভিনীত হোলির গান যেমন সিনেমার পর্দায় চিরকালীন, তেমনই বলিউডে তাঁর বাড়ির হোলি বিখ্যাত। বলিউডে কাপুর পরিবারের আরকে স্টুডিওর হোলি আর অমিতাভ বচ্চনের বাড়ির হোলি চিরকালই অনন্য।
অমিতাভের বাড়িতে বহু তারকার আগমন ঘটত হোলির দিন। রংয়ে রংয়ে মেতে উঠতেন সকলে। সেই অমিতাভ বচ্চন এবার এক অন্য হোলি পালন করলেন।
অমিতাভ তাঁর ব্লগে লেখেন চিরাচরিত হোলির থেকে কিছুটা আলাদা এবার এক শান্ত হোলি পালন করলেন তিনি। এমন হোলি অমিতাভের পরিচিত হোলি পালনের সঙ্গে খাপ খায়না। কোনও হইচই নেই। কোনও হুল্লোড় নেই। এক শান্ত হোলি। কিন্তু কেন এমন এক হোলি পালন? কিংবদন্তি অভিনেতা সেকথাও জানিয়েছেন।
গত নভেম্বরে তাঁর প্রিয় বন্ধু ধর্মেন্দ্র ইহলোক ছেড়ে চলে গেছেন। সেই শোক যে তাঁর মন জুড়ে রয়েছে তা তাঁর বক্তব্য থেকে পরিস্কার। ফলে অমিতাভ বচ্চন এবার তাঁর বন্ধুর স্মৃতিতে তাঁর পরিবারের চেনা রং খেলা নয়, বরং এক শান্ত রং খেলায় পালন করলেন হোলি।
নিজেই তিনি লিখেছেন ‘এক শান্ত হোলি’। শুধু হোলি বলেই নয়, এই হোলির সময়ে তিনি তাঁর বাসগৃহ জলসা নিয়েও আবেগপ্রবণ। অমিতাভ বচ্চন লিখেছেন, ৩০ বছর জলসা-য় কেটেছে। জলসা তাঁর কাছে কেবল একটি বাড়ি নয়, ভালবাসা, আশির্বাদ এবং ঐক্যের প্রতীক।
তাঁর সন্তানদের ছোটবেলা কেটেছে। এই জলসাতেই তাঁর ছেলেমেয়ের বিয়ে হয়েছে। তাঁর পরিবারকে এতদিন ধরে আশ্রয় দিয়েছে জলসা। প্রসঙ্গত একাধিক বাড়ি থাকলেও অমিতাভ বচ্চন জলসাতেই থাকেন। এটাই তাঁর বাসগৃহ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা













