রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, কমলা সতর্কতা, কবে থেকে চড়বে পারদ, জানাল হাওয়া অফিস
রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে বাড়বে। কবে বৃষ্টি, কবে থেকে গরম, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।
সোমবার সন্ধেয় ঝড়বৃষ্টিতে ইডেনে আইপিএল-এর ম্যাচ ভেস্তে গেছে। কেকেআর ও পঞ্জাবের মধ্যে খেলা ৪ ওভারও পুরো করতে পারেনি। ঝড়বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দফতর। সেটা বাস্তবেও হয়। তবে এখানেই শেষ নয়।
মঙ্গলবারের জন্য দুই ২৪ পরগনা, ২ মেদিনীপুর এবং ঝাড়গ্রামের জন্য কমলা সতর্কতার পাশাপাশি বাকি সব জেলার জন্য হলুদ সতর্কতা রয়েছে। কিন্তু বুধবার ঝড়বৃষ্টির দাপট আরও বাড়বে। বুধবার রাজ্য জুড়েই কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
কোথাও ৫০ থেকে ৬০ কিলোমিটার তো কোথাও আবার ৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস রয়েছে। সঙ্গে হবে বৃষ্টি। রাজ্যের এমন কোনও জেলা নেই যে জেলায় কমলা সতর্কতা নেই। ফলে বুধবার ভালই ঝড়বৃষ্টি পেতে পারেন রাজ্যবাসী।
বৃহস্পতিবার অতটা না হলেও হলুদ সতর্কতা থাকছে। ফলে ওইদিনও ঝড় এবং সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ঝড়বৃষ্টি হওয়া মানে আবহাওয়া মনোরম হওয়া।
দুপুরের দিকটা গরমে কষ্ট হলেও এখন সকাল বা সন্ধে বা রাতে আবহাওয়া বেশ ভালই থাকছে। কিন্তু এই সুখ কতদিন। তারও ইঙ্গিত দিয়ে দিয়েছে আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর স্পষ্ট করে দিয়েছে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে আর ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা তেমন নেই। বরং পারদ চড়তে শুরু করবে। টানা ৪ দিন ধরে পারদ চড়তে পারে। ৪ থেকে ৬ ডিগ্রি পর্যন্ত সর্বোচ্চ পারদ চড়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টি কমে গরম বাড়তে শুরু করবে আগামী শনিবার থেকে।













