শুক্রবার অধিকাংশ সময় মেঘলা কেটেছে। বিকেলের পর অনেক জায়গায় ঝড়বৃষ্টিও হয়। রাতে বৃষ্টি চলার পর শনিবার সকালেও বৃষ্টিতে ভিজতে হয়েছে কলকাতা সহ পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলাকে।
অনেক বাড়িতেই চৈত্রে ফ্যান বন্ধ থেকেছে। গায়ে ঢাকা দিয়ে শুতে হয়েছে অনেককে। এই আচমকা পারদ পতন, ঝড়, বৃষ্টি এবং সপ্তাহ শেষের ছুটি মিলিয়ে বঙ্গবাসী খুশি। তাহলে কি এমন এক আবহাওয়া চলবে নাকি বদলে গিয়ে চৈত্রের দাবদাহ শুরু হবে? এ প্রশ্ন সকলের।
আবহাওয়া দফতর জানাচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দিনের পারদ পতন ২ থেকে ৩ ডিগ্রি হবে আগামী ২ দিনে। কিন্তু তারপর থেকে বদলে যাবে এই মনোরম আবহাওয়া। শুকনো দিন শুরু হবে। পারদও চড়বে। তারপর ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত চড়বে পারদ। মানে সামনের সপ্তাহের শুরুতে বৃষ্টি নয়, বরং গরম বাড়বে।
উত্তরবঙ্গে একদম শুকনো দিনের সম্ভাবনা অবশ্য কম। উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আগামী কয়েক দিনে। তবে পারদ ২ দিন পর থেকে চড়বে। উত্তরবঙ্গেও দক্ষিণবঙ্গের মতই ২ দিন পর থেকে ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত চড়বে পারদ।
চৈত্র, বৈশাখ মানেই সারাদিনের গরমের শেষে বিকেলের দিকে আকাশ কালো করে মেঘের গর্জন। যার হাত ধরে আসে কালবৈশাখী ঝড়। সঙ্গে ঝমঝম করে বৃষ্টি। শুক্রবার থেকে যা শুরু হয়েছে তা চৈত্রের চেনা বৃষ্টি নয়। এই একটানা টিপটিপ করে চলা বৃষ্টি শ্রাবণ মাসে নজর কাড়ে।