National

বর্ষা এবার কেমন হবে, কম বেশি না স্বাভাবিক, জানিয়ে দিল ভারতীয় আবহাওয়া দফতর

বর্ষা এবার কেমন হবে তা নিয়ে একটি বেসরকারি সংস্থা পূর্বাভাস দিলেও দেশবাসী তাকিয়েছিলেন ভারতীয় আবহাওয়া দফতরের দিকে। এবার মৌসম ভবনও পরিস্কার করল বর্ষা কেমন হবে।

ভারত কৃষি প্রধান দেশ। এখানে বর্ষার গুরুত্ব অপরিসীম। বর্ষার কম, বেশির ওপর ফসলের ফলন নির্ভর করে থাকে। নির্ভর করে থাকে কৃষকদের ভাগ্য। ফলে চৈত্র শেষেই বর্ষা কেমন হবে তা নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে।

ইতিমধ্যেই বেসরকারি সংস্থা স্কাইমেট ভারতে এবার বর্ষা কেমন হবে তার একটা পূর্বাভাস দিয়েছে। কিন্তু দেশের মানুষ মূলত তাকিয়ে থাকেন ভারতীয় আবহাওয়া দফতর কি জানাচ্ছে সেদিকে। এবার মৌসম ভবনও জানিয়ে দিল এবার বর্ষা কেমন হবে।

ভারতে এবার স্বাভাবিকের চেয়ে কম বর্ষার পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। ৯৫ থেকে ৯০ শতাংশের মধ্যে থাকবে বর্ষার পরিমাণ। যা স্বাভাবিকের চেয়ে বেশ কিছুটা কম।

দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে বর্ষা ভারতে ৪ মাসের মত স্থায়ী হয়। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষায় ভেজে দেশের বিভিন্ন কোণা। গড়ে এবার এই ৪ মাসে দেশে বর্ষার পরিমাণ থাকতে পারে ৯২ শতাংশে।

একটা দুর্বল লা নিনা পরিস্থিতি বিরাজ করছে। তবে এল নিনো-র দিকে অবস্থা বদলে যেতে পারে। এল নিনো মানে বর্ষার ঘাটতি। প্রবল গরম। এশিয়ায় এল নিনো অনেক জায়গায় খরা পরিস্থিতি সৃষ্টি করে।

মৌসম ভবন এটাও জানিয়েছে যে এই পূর্বাভাসের পরেও একটা বর্ষা নিয়ে পূর্বাভাস তারা জারি করবে। বর্ষা নিয়ে সেই পূর্বাভাস জারি করা হবে মে মাসের শেষে। প্রসঙ্গত স্কাইমেটও এবার বর্ষায় স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টির পূর্বাভাসই দিয়েছিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *