দেশে এ বছর বর্ষা কেমন হবে, জানাল বেসরকারি আবহাওয়া সংস্থা
এখন চৈত্র মাস। গ্রীষ্ম আসতে এখনও খাতায় কলমে কয়েকদিন বাকি। তার আগেই পাওয়া গেল এবারের বর্ষার পূর্বাভাস। জানাল একটি বেসরকারি আবহাওয়া সংস্থা।
এবার কেমন গরম পড়বে আর কেমন বৃষ্টি হবে, এই ২টি বিষয় আগে থেকে জানার একটা ইচ্ছা সাধারণ মানুষের মধ্যে থাকে। ভারত কৃষি প্রধান দেশ। সেই কৃষির আবার অনেকটাই নির্ভর করে দেশে বর্ষা কেমন হবে তার ওপর। ফলে কৃষকদের মধ্যেও বর্ষার পূর্বাভাস পাওয়ার একটা আগ্রহ থাকে।
বেসরকারি আবহাওয়া সংস্থা স্কাইমেট দেশে বর্ষা কেমন হবে তার একটা পূর্বাভাস দিয়ে দিল। যদিও এখনও ক্যালেন্ডার বলছে চৈত্র মাস, বসন্তকাল। কিন্তু গ্রীষ্মের দাপট এর মধ্যেই শুরু হয়ে যায়।
এবার কিন্তু এখনও মাঝেমধ্যেই ঝড়বৃষ্টির প্রভাবে গরম সেভাবে টের পাচ্ছেন না মানুষজন। আর সেটা হচ্ছে দেশের একটা বড় অংশ জুড়ে ঝড়, বৃষ্টি, শিলাবৃষ্টির কারণে। যা হচ্ছে প্রায় নিয়মিত।
পশ্চিমবঙ্গেও এবার সেভাবে গরমের দাপট শুরু হয়নি। কারণ মাঝেমাঝেই ঝড়বৃষ্টি চলছে। গরমেই এত ঝড়বৃষ্টি যদি হয়, তাহলে বর্ষায় তো ভাসবে! এমনটা যাঁদের মনে হচ্ছে তাঁর ভুল ভাবছেন। অন্তত স্কাইমেট ভারতে এবারের বর্ষা নিয়ে যে পূর্বাভাস দিয়েছে তাতে এবার দেশে বর্ষা স্বাভাবিকের চেয়ে কম হবে। ৯৫ শতাংশের মত বৃষ্টি হতে পারে এবার।
বৃষ্টি কমের বড় কারণ হিসাবে তারা তুলে ধরেছে এল নিনো-র ফিরে আসাকে। বর্ষা ভারতে মোটামুটি ৪ মাসের। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষা। এরমধ্যে বর্ষার দ্বিতীয় ভাগ মানে অগাস্ট সেপ্টেম্বর মাসে ভারতে বর্ষার পরিমাণ অনেকটাই কমে যাবে বলে মনে করছেন স্কাইমেটের আবহবিদেরা।
যার হাত ধরে সার্বিকভাবে দেশে মোট বর্ষার পরিমাণ স্বাভাবিকের চেয়ে কম হতে পারে। তবে মৌসম ভবন এখনও বর্ষা নিয়ে কোনও পূর্বাভাস দেয়নি।













