এবার বর্ষা নিয়ে প্রশ্নচিহ্ন থেকে গেল, বড় সম্ভাবনার কথা জানাল হাওয়া অফিস
এবার বর্ষা কেমন হতে পারে তার যে ইঙ্গিত আবহাওয়া দফতর দিল তা মোটেও সুখের নয়। কেন বর্ষা নিয়ে চিন্তা থাকছে তাও জানাল তারা।
এখন বসন্তকাল। তবে চৈত্র মাসে যে গরম পড়ে তাতে বসন্তের ছোঁয়া মোটেও থাকেনা। বরং গ্রীষ্মের ছেঁকাটা বেশি করে জানান দেয়। এখনও সেই অবস্থা তৈরি না হলেও গরমের দিন শুরু হল বলে।
এপ্রিল, মে এবং জুন মাস গরম সহ্য করার পর বর্ষা ভাল করে নামলে কিছুটা রেহাই পান মানুষজন। কৃষি প্রধান ভারত তাকিয়েও থাকে বর্ষার দিকে। ভাল বর্ষা মানে ভাল ফসল। কিন্তু এবার কি সেটা হবে?
সেখানেই অশনিসংকেত দেখছেন আবহবিদেরা। আবহাওয়া দফতরের অনুমান এবার অগাস্ট মাস থেকে এল নিনো দাপট দেখাতে শুরু করলে বর্ষা কমতে শুরু করবে। তার মানে ভারতে বর্ষার দ্বিতীয় ভাগে খুব একটা বৃষ্টি নাও হতে পারে।
এল নিনো-র প্রভাব বেশি মানেই ভারতে বর্ষার ওপর তার প্রভাব পড়ে। কমে বৃষ্টির পরিমাণ। অবশ্য এল নিনো নিজে কতটা দাপটে ব্যাটিং করবে তার ওপরও অনেক কিছু নির্ভর করে।
এবার আবহবিদেরা সে বিষয়ে পরিস্কার নন। তাঁদের ধারনা এবার নিয়ন্ত্রিত এল নিনো প্রভাব ফেলবে। সেটা হলে বর্ষার ওপর তেমন প্রভাব পড়বে না। কিন্তু যদি এল নিনো শক্তিশালী হয় তাহলে কিন্তু ভারতে বর্ষার দ্বিতীয় ভাগে বৃষ্টি অনেকটাই কমে যাবে।
তবে আবহবিদেরা এটাও জানাচ্ছেন যে এমন একটা সম্ভাবনা তাঁরা দেখছেন। এখনও এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলার সময় আসেনি। সেটা বোঝা যাবে জুন মাসে পৌঁছে।













