National

বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি, বাংলায় কতটা বৃষ্টির সম্ভাবনা, পূর্বাভাস দিল হাওয়া অফিস

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ। যা ক্রমশ শক্তি বাড়াবে বলে জানাচ্ছেন আবহবিদেরা। এর জেরে বাংলায় বৃষ্টির সম্ভাবনা কতটা রয়েছে, পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

ফাল্গুনের শুরুতেই বঙ্গোপসাগরে নিম্নচাপ। খাতায় কলমে শীতকাল শেষ। এবার গরম বাড়বে। গত কয়েকদিনে বেলা বাড়লে গায়ে রোদ লাগানো যাচ্ছেনা। ক্রমশ পারদ চড়ছে। তার সঙ্গে যেন তাল মিলিয়ে বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি।

বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে বাংলায় বৃষ্টিপাত চেনা ছবি। ফের বঙ্গোপসাগরে নিম্নচাপ পশ্চিমবঙ্গে কি বৃষ্টি বয়ে আনবে? হলেও তা কতটা হবে? কোথায় কোথায় হবে? বঙ্গোপসাগরে নিম্নচাপ শুনলেই মানুষের মনে এই প্রশ্নগুলি উঁকি দেয়। এর উত্তরও পাওয়া গিয়েছে।

পূর্ব মধ্য ভারত মহাসাগরে তৈরি একটি উচ্চচাপ বলয়ের সৃষ্টি হয়েছে। তার হাত ধরে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরেও এমনই এক বলয় তৈরি হয়েছে। যা ক্রমশ নিম্নচাপের জন্ম দিচ্ছে। সেই সঙ্গে তার শক্তিও বাড়াচ্ছে।

আবহবিদদের ধারনা এই নিম্নচাপটি গভীর নিম্নচাপের রূপ নিতে চলেছে। যার প্রভাব পড়বে তামিলনাড়ু, পুদুচেরিতে। তামিলনাড়ুর অনেক জায়গায় ইতিমধ্যেই ঘন কুয়াশা দাপট দেখানো শুরু করেছে। ভোরের দিকে দৃশ্যমানতা আরও কমবে বলেই পূর্বাভাস। ফলে গাড়ি চালকদের সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে।

ক্রমশ কুয়াশার দাপট বাড়বে। সেই সঙ্গে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছেনা। তবে অতিভারী বৃষ্টির পূর্বাভাস এখনও দেয়নি আবহাওয়া দফতর।

একদিকে যখন নিম্নচাপের দাপট দেখতে চলেছে এই দক্ষিণী রাজ্য, তেমনই সেখানে পারদ দ্রুত চড়বে বলেও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে এই নিম্নচাপের কোনও প্রভাব বাংলায় পড়ছে না। ফলে বাংলায় এই নিম্নচাপটির জেরে বৃষ্টির এখনই কোনও সম্ভাবনা নেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *