কিছুদিন আগেই এই সমাধির খোঁজ পাওয়া যায়। তারপর খননকার্য শুরু হয়। সেখানে একটি পাথরের তৈরি বাক্সে যাকে সারকোফেগাস বলা হয়, সেই বাক্সে পাওয়া গেছে এক ব্যক্তির দেহ।
দেহ বলতে প্রায় প্রস্তরিকৃত কঙ্কাল। যাকে পরীক্ষা করে ওই ব্যক্তি সম্বন্ধে জানার চেষ্টা চালাচ্ছেন বিজ্ঞানীরা। ২৪০০ বছর আগের ওই ব্যক্তি পেশায় একজন দক্ষ কুস্তিগির ছিলেন বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা। কিন্তু কেন এমনটা মনে হল?
ওই ব্যক্তির দেহ বড় বলে? তা কিন্তু নয়। বিশেষজ্ঞদের মতে, ওই ব্যক্তির সমাধির পাশে এমন কয়েকটি জিনিস পাওয়া গেছে যা থেকে অনুমান করা যেতে পারে ওই ব্যক্তি কুস্তিগির ছিলেন।
তাছাড়া ওই সারকোফেগাসের পাশে অনেকগুলি রূপোর কয়েন বা মুদ্রা পাওয়া গেছে। সেই মুদ্রার ওপর চিহ্ন ছিল ২ কুস্তিগির নিজেদের মধ্যে কুস্তি লড়তে ব্যস্ত। সেটা থেকেও গবেষকদের মনে হয়েছে ওই ব্যক্তি কুস্তিগির ছিলেন। তাই তাঁর দেহের পাশে ওই কয়েনগুলি রেখে তাঁকে শায়িত করা হয়েছিল।
তুরস্কের দক্ষিণপ্রান্তের শহর অ্যাসপেনডস। সেখানেই এই খননকার্য হয়েছে। যেখানে ২৪০০ বছর পুরনো এক দেহ গবেষকদের অবাক করেছে।
তিনি কুস্তিগির ছিলেন বলেই মনে করার আরও একটি কারণ হল এই শহরে কুস্তির রেওয়াজ বহু প্রাচীন। সব মিলিয়ে প্রায় আড়াই হাজার বছর আগের এক কুস্তিগিরের দেহের খোঁজ বেশ নজরকাড়া।