World

বালির তটে ঘষটে ৫০ যাত্রী নিয়ে সমুদ্রের জলে নামল বিমান, ঘটল হাড় হিম করা ঘটনা

যাত্রী ভর্তি একটি বিমান নেমে পড়ল সমুদ্রের জলে। সমুদ্রের ধারের বালিতে ঘষটে গেল বিমানটি। এমনই এক হাড় হিম করা ঘটনা সকলকে চমকে দিয়েছে।

বিমানটি যখন আকাশে ওড়ে তখন সব ঠিক ছিল। যাত্রী সংখ্যা ছিল ৫০ জন। বিমানকর্মী ৫ জন। বিমানটি রানওয়ে ছেড়ে আকাশে ডানা মেলার পরই পাইলট কিছু যান্ত্রিক সমস্যার বিষয়ে বুঝতে পারেন। যান্ত্রিক সমস্যা নিয়ে বিমান ওড়ানো সম্ভব নয় বলেই তিনি মনে করেন।

যে বিমানবন্দর থেকে উড়েছিল সেখানেই জরুরি অবতরণের জন্য জানান। হাতে সময় নেই। তাই দ্রুতই বিমানটি নিয়ে পাইলট রানওয়েতে নেমে পড়েন। রানওয়ে দিয়ে ছুটতে শুরু করে বিমানটি।

তারপর রানওয়ে ছাড়িয়ে, বিমানবন্দরের সীমানা পার করে সেই বিমানটি পৌঁছে যায় সমুদ্রের ধারে। সমুদ্রের বালির ওপর দিয়ে ঘষটাতে থাকে বিমানটি। সামনে সমুদ্রের নীল জলরাশি।

যেখানে বালি ও সমুদ্রের জল মিশে যায় সমুদ্রসৈকতে সেখানে জলে নেমে বালিতে আটকে যায় বিমানটি। এই ঘটনায় কোনও যাত্রী বা বিমানকর্মীর কোনও ক্ষতি হয়নি। এক্ষেত্রে পাইলটকেই কৃতিত্ব দিচ্ছেন সকলে।

ঘটনাটি ঘটেছে সোমালিয়ার রাজধানী শহর মোগাদিসু-র এডেন অ্যাডে আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানটি বিমানবন্দরের সীমানা ছাড়িয়ে বেরিয়ে সমুদ্রের দিকে ছুটে যেতে থাকায় বিমানবন্দর আধিকারিক ও কর্মীরা প্রমাদ গুনছিলেন।

কিন্তু গভীর জলের মধ্যে ঢুকে যাওয়ার আগে যে সেটি বালিতে আটকে যায় এটা দেখার পর স্বস্তি পান তাঁরা। স্টারস্কাই বিমানপরিবহন সংস্থার তরফে সব যাত্রী ভাল আছেন বলে বিবৃতিও জারি করা হয়।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *