World

মস্কোভা নদীর তীরে রামায়ণ ফুটিয়ে তুলবেন রাশিয়ার মানুষ

রামায়ণে ভগবান রাম হোন বা সীতা বা লক্ষ্মণ, সব চরিত্র জীবন্ত হয়ে উঠবে পুতিনের দেশের মানুষের চেষ্টায়। এমন এক অভিনব উদ্যোগ দেখা যাবে মস্কোভা নদীর তীরে।

রামায়ণের কাহিনি ভারতের যে কোনও শিশু বড়দের মুখে শুনে, বইয়ের পাতায় পড়ে জেনে যায়। রামায়ণের কাহিনি জানেন না এমন ভারতীয় খুঁজে পাওয়া মুশকিল। রামায়ণের কাহিনিকে স্টেজে ফুটিয়ে তুলতে বহুকাল ধরে রামলীলার প্রচলন রয়েছে ভারতের একটা বড় অংশে।

ভারতের অভিনেতা অভিনেত্রীরা সেই কাহিনি ফুটিয়ে তোলেন স্টেজে। পরম্পরায় রামলীলা চলে আসে বহু জায়গায়। অভিনেতারাও বংশপরম্পরার এই রামলীলায় অভিনয় করে চলেন। তাঁদের দক্ষতা প্রশ্নাতীত। কিন্তু সেই রামলীলা এবার স্টেজে ফুটিয়ে তুলতে চলেছেন রাশিয়ানরা।

রাশিয়ার রাজধানী শহর মস্কোয় অনুষ্ঠিত হতে চলেছে রামলীলা। আগামী ২০ ফেব্রুয়ারি এই রামলীলা স্টেজে অভিনীত হবে। যাতে অভিনয় করবেন ভারতীয় নয়, রাশিয়ানরা অভিনেতা অভিনেত্রীরা।

রামের চরিত্র ফুটিয়ে তুলবেন ইভজেনি, সীতার চরিত্রে থাকবেন দারিয়া, মুরাত লক্ষ্মণের অভিনয় করবেন আর হনুমানের চরিত্রে অভিনয় করবেন দিমিত্রি। রাশিয়ায় ভারতীয় দূতাবাস এবং জওহরলাল নেহেরু কালচারাল সেন্টার-এর যৌথ উদ্যোগে এই অনন্য আয়োজন করা হয়েছে রাশিয়ার মস্কো শহরে।

অযোধ্যা শহরে দিওয়ালীর সময় যে দীপোৎসব অনুষ্ঠিত হয়, তার ছবি গোটা বিশ্ব দেখেছে। সেটাই মস্কোর বুকে রামলীলা আয়োজনে উৎসাহের কাজ করেছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এই অনুষ্ঠানের মূল আয়োজক হল দিশা নামে একটি সংগঠন।

অযোধ্যার আধ্যাত্মিক আবহকেই এবার রাশিয়ায় ফুটিয়ে তুলতে এগিয়ে এসেছেন রাশিয়ার শিল্পীরা। মস্কোয় রামলীলা দেখতে মুখিয়ে আছেন রাশিয়ানরা এবং অবশ্যই ভারতীয়রা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *