জঙ্গলে বেড়ানো, পশুপাখি দেখা যাঁদের পছন্দ তাঁদের জন্য আসছে নতুন সুযোগ

জঙ্গলে বেড়ানো অনেকের খুব পছন্দের। জঙ্গলে ঘুরতে ঘুরতে নানা পশুপাখির দেখা পাওয়া পর্যটকদের মন ভাল করে দেয়। এমন এক নতুন সুযোগ এবার আসতে চলেছে।

ফাইল : অসমের পবিতোরা অভয়ারণ্যে গণ্ডার, ছবি - আইএএনএস

বাঙালির তো পায়ের তলায় সর্ষে। চিরকাল একটা প্রশ্ন অনেককে করা হয়, পছন্দের কোনটা, সমুদ্র, জঙ্গল না পাহাড়। অনেকের ৩টেই পছন্দ। কাউকে আবার কেবল জঙ্গল টানে। জঙ্গলের মধ্যে ঘুরে পশুপাখি দেখা পর্যটকদের কাছে একটা আলাদাই আকর্ষণ।

ভারতের নানা প্রান্তে রয়েছে সাফারির ব্যবস্থা। জিপে চাপিয়ে পর্যটকদের জঙ্গলের মধ্যে ঘোরানো, নানা পশুপাখি দেখা। বাঘ, সিংহ, গণ্ডার, হরিণ এবং এমন নানা প্রাণি দেখার সুযোগ পাওয়া পর্যটকদের মন ভাল করে দেয়। এবার এমনই একটি সাফারির ব্যবস্থা করা হচ্ছে। যা করা হচ্ছে স্টেট অফ দ্যা আর্ট ভাবনার মধ্যে দিয়ে।

অসমের ডিব্রুগড়ের নামদাং অভয়ারণ্যের ২৩৫ হেক্টর জঙ্গলে এবার নতুন সাফারির সুযোগ তৈরি করছে অসম সরকার। এজন্য ৫৩৪ কোটি টাকা ব্যয় বরাদ্দ ঘোষণা করা হয়েছে।

বন্যপ্রাণকে সংরক্ষিত করা, তাদের কোনও বিপদ থেকে উদ্ধার করা, এখানে তাদের সারিয়ে তোলার ব্যবস্থা হচ্ছে। সেই সঙ্গে বন্যপ্রাণিদের নিয়ে গবেষণার কাজও এখানে হবে। এছাড়া পর্যটনের দিকটি তো আছেই। যার একটি অর্থকরী দিকও থেকে যাচ্ছে।

এই অভয়ারণ্যে সাফারির সুযোগ তৈরির সঙ্গে সঙ্গে বাঘ, গণ্ডার, ভাল্লুক ও লেপার্ড দর্শনের সুযোগ বাড়বে। এছাড়া অত্যাধুনিক গবেষণার সুযোগ তৈরি করে এখানে এশিয়াটিক সিংহ, চিতা, জেব্রা এবং জলহস্তীর আলাদা ঘেরা জায়গা তৈরি হবে। যা তৈরি হবে গবেষণার কথা মাথায় রেখে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা