অক্ষয়তৃতীয়ার দিন অনেক গণবিবাহের আয়োজন, অন্য চিন্তায় ভারতের হৃদয় রাজ্য
অক্ষয়তৃতীয়া অবশ্যই এক পুণ্য তিথি। একটি রাজ্যে আবার এদিন গণবিবাহের চল রয়েছে। আর সেখানেই চিন্তার ভাঁজ পুরু হচ্ছে রাজ্যসরকারের।
অক্ষয়তৃতীয়ায় শুভ কাজ সম্পন্ন করার চেষ্টা করেন অনেকে। সামনে পয়লা বৈশাখ। তারপরই অক্ষয়তৃতীয়া। যার একটা প্রভাব ভারতের নানা প্রান্তে রয়েছে। এই শুভ তিথিতে গণবিবাহের চল রয়েছে মধ্যপ্রদেশে।
অক্ষয়তৃতীয়া উপলক্ষে এবারও গণবিবাহের আয়োজন হয়েছে। মধ্যপ্রদেশ জুড়েই অক্ষয়তৃতীয়া উপলক্ষে হতে চলা গণবিবাহ এখন চিন্তার কারণ হয়ে উঠেছে মধ্যপ্রদেশ সরকারের জন্য।
গণবিবাহের আয়োজন ভাল কাজ বলেই বিবেচিত হয়। কিন্তু সেই গণবিবাহের আড়ালে বাল্যবিবাহের ঘটনা বাড়তে পারে বলে আশঙ্কা করছে সরকার। এজন্য ইতিমধ্যেই অক্ষয়তৃতীয়া উপলক্ষে আগামী ২০ এপ্রিল হতে চলা বিভিন্ন গণবিবাহে কড়া নজরদারি চালানোর নির্দেশ দিয়েছে মধ্যপ্রদেশের মহিলা ও শিশু উন্নয়ন বিভাগ।
কেন্দ্রীয় সরকার বাল্যবিবাহ মুক্ত ভারত গড়ায় যে লক্ষ্য স্থির করেছে এই উদ্যোগ অবশ্যই সেই পথে অনেকটা এগিয়ে দেবে। সাধারণভাবে এদেশে বাল্যবিবাহ বলতে মেয়েদের বিবাহের বয়স হওয়ার আগেই বিয়ে দেওয়ার প্রবণতা দেখতে পাওয়া যায়।
মধ্যপ্রদেশে বিবাহের বয়স হওয়ার আগেই বালিকা, কিশোরীদের বিয়ে দিয়ে দেওয়ার যে প্রবণতা দেখা যেত ইদানিং কালে তা হ্রাস পেয়েছে। কিন্তু এখনও কিছু জায়গায় এই প্রবণতা দেখতে পাওয়া যায়।
বিশেষত অক্ষয়তৃতীয়ার মত পুণ্য তিথিগুলিতে। যে সময় সেখানে গণবিবাহের আয়োজন বেড়ে যায়। আর সেখানেই বাল্যবিবাহের প্রবণতা নজর কাড়ে। এবার সেখানেই লাগাম দিতে উদ্যোগী সে রাজ্যের সরকার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা













