দেশের প্রথম মহিলা হিসাবে এভারেস্টে অসাধ্য সাধন, শিক্ষিকার বিরল কৃতিত্ব
এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮ বছরের এক তরুণী। ভারতের প্রথম মহিলা হিসাবে এ কাজটা করলেন তিনি।
তিনি পেশায় একজন শিক্ষিকা। বয়স ২৮ বছর। ঝকঝকে এই তরুণী সবার অলক্ষ্যে একটা লড়াই চালাচ্ছিলেন। অনুশীলনের লড়াই। নিজেকে তৈরি করার লড়াই। কঠিনতম পথেও সাইকেলের প্যাডেল থামতে না দেওয়ার লড়াই।
একসময় যখন তিনি বোঝেন তিনি তৈরি তখন শুরু হয় আসল চ্যালেঞ্জ। উত্তরপ্রদেশের গোরক্ষপুরের তরুণী শিক্ষিকা দিব্যা সিং সাইকেলে পাড়ি দেন এভারেস্টের ১৭ হাজার ৫৬০ ফুট উচ্চতায় পৌঁছনোর লক্ষ্যে।
এই উচ্চতায় একটা সাইকেলে চেপে পৌঁছনো যে কতটা শক্ত কাজ তা কিছু তথ্যের ভিত্তিতে বোঝার চেষ্টা করা যেতে পারে। যেমন এই পথে রয়েছে পাথুরে পথ। যা মোটেও মসৃণ নয়। তারপরও তার ওপর দিয়ে সাইকেল চালিয়ে এগিয়ে যাওয়া যে সহজ কাজ নয় তা সকলের জানা।
সেই সঙ্গে অনেক জায়গায় মাইনাস ১২ ডিগ্রি পর্যন্ত নেমে যাচ্ছে পারদ। সেই ঠান্ডার মধ্যে দিয়ে পাহাড়ি সংকীর্ণ পথে সাইকেল চালিয়ে এগিয়ে চলাকে আরও কঠিন করে তোলে অতি প্রবল হাওয়ার দাপট। যেন সেখানে সর্বদাই ঝোড়ো হাওয়া বইছে। আর বলা বাহুল্য যে সে হাওয়া বরফের মত ঠান্ডা।
রাস্তায় এমন অনেক জায়গা রয়েছে যেখান দিয়ে সাইকেল চালিয়ে যাওয়াই সম্ভব নয়। সেসব জায়গায় দিব্যা সাইকেল কাঁধে নিয়ে এগিয়ে যান। যে পাথুরে পথে পায়ে হেঁটে এগোনোই একটা চ্যালেঞ্জ সেখানে সাইকেল ঘাড়ে চাপিয়ে এগিয়ে চলাটা কতটা শক্ত তা অনুমেয়।
এভাবেই ১৪ দিন ধরে দিনে ১০ থেকে ১২ ঘণ্টা সাইকেল চালিয়ে দিব্যা পৌঁছন এভারেস্টের ১৭ হাজার ৫৬০ ফুট উচ্চতায় অবস্থিত বেস ক্যাম্পে। এই লক্ষ্যে পৌঁছনোর সঙ্গে সঙ্গে ইতিহাসের পাতায় নাম তুলে ফেলেন এই তরুণী। তিনিই হলেন ভারতের প্রথম নারী যিনি সাইকেলে এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছলেন।













