যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন
সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে তৈরি ২টি অত্যাধুনিক মেশিন নামল অন্য জলে।
যমুনার জলের দূষণ বারবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। দিল্লির প্রাণ ভোমরা যমুনা নদীর দূষণমাত্রা এমন পর্যায়ে পৌঁছয় যে অনেক মানুষই দেশের এই অন্যতম পবিত্র নদীর জলে নামতেও অস্বস্তি বোধ করেন।
যমুনাকে তার পুরনো স্বচ্ছতা ফিরিয়ে দিতে উদ্যোগী কেন্দ্র। যমুনার জলকে দূষণমুক্ত করতে তাই এবার ভারতে তৈরি ২টি অত্যাধুনিক মেশিন নামল জলে। কিন্তু যমুনার জলে নয়।
যমুনাকে দূষণমুক্ত করতে মেশিন ২টিকে নামানো হয়েছে নজফগড় নালায়। যাকে সাহিবি নদী নামেও অনেকে চেনেন। দিল্লির যত আবর্জনা তার সিংহভাগই এই নালা দিয়ে প্রবাহিত হয়।
নালাটি গিয়ে মিশেছে যমুনায়। ফলে এই নালা ধরে প্রবাহিত আবর্জনা গিয়ে মেশে যমুনার জলে। যা আখেরে যমুনার জলকে দূষিত করে। দিল্লিতে যমুনার ৭০ শতাংশ দূষণের কারণ এই নালা। যা কার্যত এখন দিল্লি শহরের প্রধান নিকাশি ব্যবস্থায় পরিণত হয়েছে।
এই নজফগড় নালা সাফ করতে পারলে যমুনাও সাফ হবে। যমুনাকে দূষণমুক্ত করতে এই নালার জলকে আগে দূষণমুক্ত করতে হবে। এই লক্ষ্যে এবার দিল্লির সেচমন্ত্রী পরবেশ বর্মা নজফগড় নালার জলে ২টি দেশিয় প্রযুক্তিতে তৈরি মেশিনের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন।
মেশিন ২টি জলে থাকা যাবতীয় ভাসমান এবং জমে থাকা আবর্জনা যেমন তুলে ফেলবে, তেমন একইসঙ্গে জমে থাকা জলজ আগাছাও তুলে ফেলবে। এর ফলে নজফগড় নালার জল দ্রুত সাফ করে তাকে দূষণমুক্ত রূপ দেওয়া সম্ভব হবে বলেই মনে করা হচ্ছে।
আর তা হলে নজফগড় নালা দিয়ে প্রবাহিত জল যখন যমুনায় গিয়ে মিশবে তখন আর তা যমুনার জলকে দূষিত করবেনা। আখেরে পরিচ্ছন্ন হবে যমুনা।













