পরীক্ষার খাতায় ১০০ টাকার নোট, অসংলগ্ন লাইন, পরীক্ষার্থীর খাতা ঘিরে হাসির রোল
পরীক্ষার খাতায় উত্তরের বদলে লাগানো রয়েছে ১০০ টাকার নোট। একটি পাতায় নয়, ২টি পাতায়। তার সঙ্গে আশ্চর্য সব লাইন লেখা। হাসির রোল উঠল একটি খাতা ঘিরে।
পরীক্ষা ছিল সমাজবিজ্ঞানের। দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষা। সেখানেই আশ্চর্য এক উত্তরপত্র হাসির রোল তুলে দিয়েছে। ইন্টারনেটে ছড়িয়ে পড়া এই খাতার পাতায় পাতায় আজব সব লাইন লেখা। যার সঙ্গে বিষয়ের কোনও সম্পর্ক নেই।
হিন্দিতে লেখা লাইনগুলির বাংলা করলে দাঁড়ায়, কোনও পাতায় লেখা দুঃখিত স্যার ভুল করে ছেড়ে দিয়েছি। কোথাও লেখা, বাবরের বাবার নাম কি ছিল? ছত্রপতি শিবাজি। ২টি পাতায় আবার সকলকে অবাক করে সাঁটা ছিল ২টি ১০০ টাকার নোট।
ওই ছাত্র নিজেকে রাঘব বলে পরিচয় দিয়েছে। মনে করা হচ্ছে খাতার সঙ্গে টাকা তাকে পাশ করিয়ে দেওয়ার জন্য দেওয়া হয়েছিল। এর আগেও অনেক পরীক্ষার খাতায় এভাবে টাকা সেঁটে দেওয়ার ঘটনা সামনে এসেছে।
সেক্ষেত্রে অনেক সময় তো সরাসরি ছাত্রকে টাকার বিনিময়ে পাশ করিয়ে দেওয়ার অনুরোধ করতে দেখা গেছে। এই ছাত্রটি সেটা না লিখলেও মানেটা পরিস্কার অনেকের কাছে। ছাত্রটির ক্ষেত্রে টাকা সেঁটে দেওয়ার পাশাপাশি আশ্চর্য সব লাইন আরও অবাক করেছে সকলকে।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হামিরপুর জেলার গীতা মাহেশ্বরী ইন্টার কলেজে। এই খাতার বিষয়টি ইন্টারনেটে ছড়িয়ে পড়তে অনেক মানুষই অবাক হয়েছেন। অনেকে আবার কাণ্ড দেখে হেসে ফেলেছেন।
পরীক্ষার চাপও একটা কারণ হতে পারে বলে মনে করছেন অনেকে। ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর দেশজুড়েই মানুষ বিষয়টি জানতে পারেন। সমাজবিজ্ঞান পরীক্ষাটি হয়েছিল গত ২১ জানুয়ারি। এখন বিষয়টি নিয়ে আলোড়ন পড়েছে।













