মঙ্গলগ্রহে আশ্চর্য পাথরের দেখা পাওয়া বৃষ্টির ইঙ্গিত দিল, বদলে যেতে পারে লাল গ্রহের ধারনা
মঙ্গলগ্রহের একটি পাথর পরীক্ষা করে হতবাক হয়ে গেছেন বিজ্ঞানীরা। যা বদলে দিতে পারে এতদিন ধরে চলে আসা মঙ্গলগ্রহ সম্বন্ধে ধারনা।
মঙ্গলগ্রহ সম্বন্ধে নতুন নতুন তথ্য বিজ্ঞানীদের হাতে এসেই চলেছে। পারসিভিয়ারেন্স রোভার বা কিউরিওসিটি রোভার তথ্য হাতে তুলে দিচ্ছে নিয়মিত। এই পারসিভিয়ারেন্স যখন জেজেরো ক্রেটারে ঘুরছিল তখন অনেক পাথরের ছবি পাঠিয়েছিল।
তার একটি পাথরকে তখন যেভাবে গুরুত্ব দেওয়া দরকার তা না হলেও পরে তা পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা জানতে পেরেছেন পাথরটি সাধারণ পাথর নয়, বরং আশ্চর্য পাথর। আর মঙ্গলগ্রহের জন্য তো আশ্চর্য বটেই।
কাওলিনাইট নামে এই পাথর পৃথিবীতেও বিরল। এই পাথর তৈরি হয় উত্তাপ এবং বৃষ্টিতে। তবে তা ১ দিন ২ দিনের বৃষ্টি নয়। লক্ষ লক্ষ বছরের বৃষ্টির ছোঁয়ায়। সেই পাথরের টুকরো মঙ্গলগ্রহে!
বিজ্ঞানীরা এখন বিশ্বাস করতে শুরু করেছেন যে মঙ্গলগ্রহে এই পাথর পাওয়া মানে এমনটা হতেই পারে যে সেখানে কোনও সময় লক্ষ লক্ষ বছর ধরে বৃষ্টি হয়েছিল।
যে মঙ্গলগ্রহে জলের খোঁজ করতে গিয়ে নদীর অস্তিত্ব জানতে পেরেছিলেন বিজ্ঞানীরা, সেই মঙ্গলগ্রহ কিন্তু এখন কেবলই শুষ্ক প্রান্তর। যেখানে এতটুকু জলের চিহ্ন নেই। সেখানে লক্ষ লক্ষ বছর ধরে বৃষ্টি হয়েছিল, এটা কিন্তু মঙ্গল সম্বন্ধে এখনও পর্যন্ত চলে আসা ধারনা বদলে দিতেই পারে।
নাসার এই বৃষ্টির জলে পুষ্ট পাথরের খোঁজ গোটা বিশ্বের বিজ্ঞানীদের অবাক করেছে। পৃথিবীর যেখানে যেখানে প্রচুর বৃষ্টি হয় সেখানে এই পাথরের দেখা মেলে। সে পাথর লাল গ্রহে কীভাবে এল তা সঠিকভাবে জানতে বিষয়টি আরও খতিয়ে দেখছেন বিজ্ঞানীরা।













