কোনও ভাঙাচোরা পাত্র নয়। কোনও নষ্ট হতে বসা ঘড়া নয়। এ গুপ্তধন যেন সযত্নে রক্ষিতই ছিল একদিন না একদিন মানুষের নজরে আসার জন্য। বয়স ১ হাজার ৭০০ বছর। এর মাঝে পৃথিবী অনেক বদলে গেছে। আবহাওয়া বদলেছে। কিন্তু এ স্বর্ণমুদ্রার ভান্ডার যেমন কার তেমন রয়ে গেছে।
রোমান যুগের প্রায় শেষের দিক। সে সময় ইউরোপের লুক্সেমবার্গ-এর একটি গ্রামে রোমান যুগের স্বর্ণমুদ্রা রক্ষা করে রাখা হয়েছিল। ওই জায়গা নিয়ে নতুন করে গবেষণা শুরু করেছেন বিশেষজ্ঞেরা।
লুক্সেমবার্গের হোজথাম এলাকায় মাটির তলা থেকে যে রোমান স্বর্ণমুদ্রা পাওয়া গিয়েছে তার সংখ্যা ১৪১টি। এই খোঁজকে এক অনবদ্য প্রাপ্তি ও ইতিহাসের এক অধ্যায় হিসাবে নিতে চাইছেন ঐতিহাসিকরা।
এই স্বর্ণমুদ্রা এমন এক সময়ের যখন এই জায়গায় সম্রাট ঘন ঘন বদলে যাচ্ছে। বদলে যাচ্ছে রাজনৈতিক অবস্থান। প্রশাসনের স্থায়িত্ব প্রায় নেই বললেই চলে। এমন এক অস্থির সময়ে এই স্বর্ণমুদ্রাগুলি কেন সেখানে রাখা হয়েছিল তা অজানা।
বিশেষজ্ঞদের ধারনা, যেহেতু সময়টাই ছিল ভীষণ অস্থির তাই হয়তো ভবিষ্যতের সুরক্ষার কথা মাথায় রেখে এই স্বর্ণমুদ্রাগুলিকে সযত্নে লুকিয়ে রাখা হয়েছিল। প্রত্নতাত্ত্বিকরা আবার আরও একটি বিশেষ দিকের কথা সামনে এনেছেন।
তাঁরা জানাচ্ছেন, লুক্সেমবার্গে রোমান যুগের এমন মুদ্রা এভাবে ঘড়া ভর্তি করে পাওয়া যায়না। বিচ্ছিন্নভাবে কয়েকটি পাওয়া যায়। তাই এভাবে একসঙ্গে এক জায়গায় এমন প্রচুর স্বর্ণমুদ্রা এত যত্নে রক্ষিত অবস্থায় পাওয়াটা তাঁদের জন্য বাড়তি উন্মাদনার সৃষ্টি করেছে।