গ্যাস নিয়ে বড় খবর দিল কেন্দ্র, কিছুটা স্বস্তি পেলেন দেশবাসী
রান্নার গ্যাস বা এলপিজি নিয়ে বড় খবর দিল কেন্দ্র। বন্দর মন্ত্রকের বিশেষ সচিব রাজেশ কুমার সিনহা যা জানিয়েছেন তা ভারতীয়দের রান্নার গ্যাস নিয়ে চিন্তা কিছুটা হলেও দূর করবে।
রান্নার গ্যাস এখন সোনার চেয়েও দামি হয়ে উঠেছে দেশের প্রতিটি পরিবারে। গ্যাস ছাড়া রান্না হবেনা। আর সেই গ্যাসই পাওয়া যাচ্ছেনা সময়মত। দীর্ঘ সময় অপেক্ষা করে থাকতে হচ্ছে সিলিন্ডার পেতে। এখন সকলের মুখেই গ্যাস সিলিন্ডার নিয়ে চিন্তার চর্চা।
এখন প্রায় সকলেই জেনে গেছেন এই সমস্যার কারণ হরমুজ নামে একটি প্রণালী। যে পথ ধরে এলপিজি ভারতে আমদানি হয়। সেই এলপিজি ভর্তি জাহাজগুলিকে হরমুজ পার করতে দিচ্ছেনা ইরান।
যদিও এর আগে ২টি জাহাজকে ছেড়েছিল ইরান। এবার ফের ২টি জাহাজ হরমুজ পার করল নিশ্চিন্তে। সেটাই এদিন জানিয়েছেন বন্দর মন্ত্রকের বিশেষ সচিব।
এলপিজি ভর্তি জাহাজ ভারতের বন্দরের দিকে আসছে বা এসেছে এমন খবর শুনলেও মানুষ আশ্বস্ত হচ্ছেন। আশার আলো দেখছেন। তাই এই ২টি জাহাজ ভারতের দিকে হরমুজ নিশ্চিন্তে পার করে এগিয়ে আসছে জানতে পেরে গ্যাসের সমস্যার আরও কিছুটা সমাধান আশা করছেন দেশবাসী।
যে ২টি জাহাজ ভারতের দিকে এগিয়ে আসছে সে ২টি জাহাজে সাকুল্যে ৯২ হাজার ৬০০ মেট্রিক টন এলপিজি রয়েছে। একটি জাহাজের নাম পাইন গ্যাস, অন্যটি জগ বসন্ত। পাইন গ্যাস জাহাজটিতে ৪৫ হাজার মেট্রিক টন এলপিজি রয়েছে। যা আগামী ২৭ মার্চ নিউ ম্যাঙ্গালোর বন্দরে আসবে। আর জগ বসন্ত জাহাজটিতে রয়েছে ৪৭ হাজার ৬০০ মেট্রিক টন এলপিজি। যা ২৬ মার্চ কান্ডলা বন্দরে এসে দাঁড়াবে।
২টি জাহাজ হরমুজ পার করলেও এখনও ২০টি ভারতীয় জাহাজ হরমুজ প্রণালীর পশ্চিমে অপেক্ষায় রয়েছে। সেগুলি হরমুজ কবে পার করবে সেদিকেই এখন নজর সকলের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা













