নারকেল আর মাছই ভরসা, মালদ্বীপকে টক্কর দিয়ে আরব্য দ্বীপপুঞ্জে পর্যটকের ভিড় বাড়ছে
ভারতীয় পর্যটকদের কাছে এই দ্বীপপুঞ্জে ভ্রমণটা এখনও জনপ্রিয় হয়নি। তবে বাড়ছে। আর বাড়ছে বেশ দ্রুত। পর্যটক টানতে সেজে উঠছে ৩৬ দ্বীপের আরব্য সুন্দরী।
ভারতীয় পর্যটকদের কাছে দ্বীপ ভ্রমণ মানেই আন্দামান। কিন্তু আন্দামান ছাড়াও সুযোগ রয়েছে দ্বীপ ভ্রমণের। তবে তা নিয়ে কোনওকালেই তেমন উৎসাহ বোধ করতেননা পর্যটকেরা। তার কারণ বোধহয় পর্যটকেরা নন।
কেউ বেড়াতে গেলে সেখানে পরিকাঠামো চান। থাকার ভাল জায়গা, খাওয়ার যথেষ্ট সুবিধা, বিনোদনের ব্যবস্থা, বেড়ানোর মত সুবিধা, অবসর কাটানোর এলাহি আয়োজন। কিন্তু তা এখনও এ দ্বীপপুঞ্জে সেভাবে গড়ে ওঠেনি। যেমন এই দ্বীপপুঞ্জের একটি দ্বীপ হল আগাত্তি।
এখানে সাদা বালি সমুদ্রের সবুজ জলের সঙ্গে খেলা করে। এখানেই রয়েছে লাক্ষাদ্বীপের অন্যতম বিমানবন্দরটি। কিন্তু আগাত্তিতে একটা কলেজ পর্যন্ত নেই। স্থানীয়দের জন্য স্কুল আছে। তবে পর্যটকদের আনাগোনা বাড়ছে।
কিছুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে যাওয়ার পর থেকে পর্যটকদের নজর এই লাক্ষাদ্বীপের দিকে ঘুরেছে। আরও ঘুরেছে মালদ্বীপের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতির সময় থেকে। মালদ্বীপকে বর্জন করে ভারতেরই লাক্ষাদ্বীপকে সাজিয়ে তোলার দিকে নজর যায়।
লাক্ষাদ্বীপে মোট ৩৬টি দ্বীপ রয়েছে। যারমধ্যে ১২টি দ্বীপ গোলাকার। এখানকার বিশেষত্ব হল প্রবাল প্রাচীর। প্রবাল দ্বীপের নজর কাড়া সৌন্দর্য পর্যটকদের মোহিত করে।
পর্যটন ক্রমে এখানকার অর্থনীতির ভরসা হতে শুরু করলেও, মূলত লাক্ষাদ্বীপের বাসিন্দাদের বড় ভরসা নারকেল আর মাছ। এখানে মৎস্যজীবীরা রয়েছেন। মাছ ধরা এঁদের প্রধান পেশা। আর রয়েছে অফুরান নারকেল গাছ।
নারকেলের ছোবড়া, নারকেল দড়ি, নারকেলের ছোবড়া দিয়ে গালিচা এবং আরও নানা জিনিসপত্র তৈরি করে তা থেকে রোজগার করেন এখানকার বাসিন্দারা। ৩২ বর্গকিলোমিটার এলাকা জুড়ে লাক্ষাদ্বীপ। যার সবকটি দ্বীপে মানুষের বাস নেই। পর্যটন শিল্প এখানে ক্রমে ডানা মেলছে।
পর্যটকদের আসা যাওয়া বাড়ছে। আগামী দিনে পরিকাঠামো তৈরি হলে লাক্ষাদ্বীপ কিন্তু অনায়াসেই দেশি, বিদেশি পর্যটকদের অন্যতম পর্যটনকেন্দ্র হয়ে উঠতে পারে।
অপার প্রাকৃতিক সৌন্দর্যকে সঠিকভাবে পর্যটনে কাজে লাগাতে পারলে ভারতের অন্যতম পর্যটন ক্ষেত্র হতে সময় নেবে না এই আরব্য রূপসী। আগাত্তি ছাড়াও এখানকার অন্যতম কয়েকটি দ্বীপ হল মিনিকয়, আমিনি, কালপেনি, বাঙ্গারাম, কাদমত এবং লাক্ষাদ্বীপের রাজধানী কাভারাত্তি।



