জলের তলায় কিছু একটা আছে। সমুদ্রের ধার থেকে খুব বেশি দূরেও নয়। সেখানেই মাছ ধরার সময় এই সন্দেহটা হয় মৎস্যজীবীদের। তাঁরা বিষয়টি প্রশাসনকে জানান।
মৎস্যজীবীদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশেরই কয়েকজন দক্ষ ডুবুরি জলের তলায় চলে যান সরেজমিনে দেখতে। আর সেটা করতে গিয়ে তাঁদের সমুদ্রের তলদেশে পৌঁছতে খুব নিচে নামতে হয়নি। মাত্র ১৫০ ফুট জলের তলায় তাঁরা সমুদ্রের তল খুঁজে পান।
যেখানে একটি জাহাজের দেখা পান তাঁরা। জাহাজটি পরে পরীক্ষা করে বিশেষজ্ঞেরা জানিয়েছেন সেটির বয়স ২১০০ বছরের মত। রোমান সেই জাহাজটি এত বছর ধরে জলের তলায় থাকার পরও সম্পূর্ণ অক্ষত অবস্থায় রয়েছে। যা বিশেষজ্ঞদের অবাক করে দিয়েছে। তবে তাঁদের আরও বেশি অবাক করেছে সেখানে স্তূপ হয়ে থাকা ৫০০টি বিশেষ ধরনের ঘড়া।
এই ঘড়াগুলিও অক্ষত অবস্থায় পাওয়া গেছে। যেগুলি সে সময় ব্যবহার করা হত অলিভ তেল, সুরা ও শস্য রাখার জন্য। ইতালির সিসিলি উপকূলের কাছে জলের তলায় পাওয়া এই জাহাজটি এবং তাতে পাওয়া ৫০০টি এমন সেরামিকের বিশেষ আকৃতির ঘড়া এক অনন্য আবিষ্কার বলে মেনে নিয়েছে ইতালির সংস্কৃতি মন্ত্রক।
প্রসঙ্গত এই সেরামিকের ঘড়াগুলির গলার কাছটা লম্বা হত। অনেক ক্ষেত্রে এগুলির ২ ধারে ২টি হাতল থাকত। পেটের কাছটা বড় হলেও গলার কাছটা ছিল অনেকটাই সরু।
এই আবিষ্কার ২১০০ বছর আগের জাহাজ ও সে সময়ের রোমান সংস্কৃতির অনেক তথ্য দিতে পারবে বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা। বিশ্বের তাবড় সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হয়েছে।