রাশিয়া, চিনকে টপকে গেল ভারতীয় রেল, বাঁচছে ৬ হাজার কোটি টাকা

রাশিয়া, চিনকে পিছনে ফেলে বৈদ্যুতিকরণে ভারতীয় রেল পৌঁছে গেল ১০০ শতাংশের দরজায়। যা কেবল সাফল্য নয়, বাঁচাচ্ছে ৬ হাজার কোটি টাকা।

ভারতীয় রেল, ছবি - সৌজন্যে - উইকিমিডিয়া কমনস

৯৯.৬ শতাংশ। খুব নিখুঁত করে বললে এটা। তবে একে ১০০ শতাংশ বলা তো যেতেই পারে। যে অতি সামান্যটুকু বাকি তা সম্পূর্ণ করা এখন কেবল কিছু সময়ের অপেক্ষা। ভারতীয় রেল সেই সাফল্যটা অর্জন করে ফেলল।

সরকারের তরফে জানানো হয়েছে, ভারতীয় রেল তার ব্রডগেজ লাইনের বৈদ্যুতিকরণের লক্ষ্যে এগিয়ে ৯৯.৬ শতাংশ পথই সম্পূর্ণ করে ফেলেছে। এখন বিদ্যুৎ লাইন ছাড়া ভারতীয় রেলের লাইন রয়েছে ১ শতাংশেরও অনেক কম।

২০১৪ সালে ভারতীয় রেলের ২০ শতাংশ পথের বৈদ্যুতিকরণ হয়েছিল। যা ছিল ২১ হাজার ৮০১ রুট কিলোমিটারের সমান। সেখান থেকে ২০২৬-এ পৌঁছে এখন ভারতীয় রেলের ৬৯৮৭৩ রুট কিলোমিটার পথেই বিদ্যুৎ সংযোগ রয়েছে। শতাংশের হিসাবে ৯৯.৬ শতাংশ।

২০১৪ সালে যেখানে মাত্র ২০ শতাংশ পথই বৈদ্যুতিক সংযোগের আওতায় ছিল, সেখানে রেল চলাচল মূলত নির্ভর করে থাকত ডিজেলের ওপর। ফলে বিদেশ থেকে তেল আমদানিও করতে হত।

সেখানে ২০২৪-২৫ অর্থবর্ষে ১৮০ কোটি লিটার ডিজেল কম লাগছে রেল পরিষেবা স্বাভাবিক রাখতে। এখন বিদ্যুৎচালিত ইঞ্জিনেই রেল ছুটছে বিভিন্ন প্রান্তে। ডিজেলের প্রয়োজন নামমাত্রে এসে ঠেকেছে। যা প্রায় ৬ হাজার কোটি টাকা খরচও বাঁচিয়ে দিচ্ছে রেলের।

ভারতীয় রেলের প্রায় সবটাই এখন বিদ্যুৎ সংযোগের আওতায় এসে পড়ার পর ভারত বৈদ্যুতিকরণে ব্রিটেন, রাশিয়া, চিনকেও পিছনে ফেলে দিয়েছে। এটাও বিশ্বের দরবারে একটা বড় সাফল্য বলেই মনে করা হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা