World

সমুদ্র উপকূলে পাওয়া গেল ৭ হাজার বছর পুরনো রহস্যময় দেওয়াল

সমুদ্রের ধারে পাওয়া গেল একটি দেওয়াল। কিন্তু এ আবিষ্কারের গুরুত্ব অপরিসীম। এই রহস্যজনক দেওয়াল কেন তৈরি হয়েছিল তা নিয়ে দ্বিমত তৈরি হয়েছে।

সমুদ্রের উপকূল। সেখানেই বেশ কয়েক বছর আগে খোঁজ পাওয়া গিয়েছিল একটি দেওয়ালের। যা জলের ৩০ ফুট তলায় ছিল। কিন্তু সে সময় এই জলের তলার প্রত্নতাত্ত্বিক নিদর্শন নিয়ে তেমন কোনও নাড়াচাড়া হয়নি। হালে এ নিয়ে নতুন করে গবেষণা শুরু হয়।

জলের তলায় নেমে খুব যত্নের সঙ্গে দেওয়ালটি পরীক্ষা করেন বিশেষজ্ঞেরা। তাতেই তাঁরা জানতে পারেন এই দেওয়াল তৈরি হয়েছিল আনুমানিক ৭ হাজার বছর আগে।

ফ্রান্সের পশ্চিম দিকের সমুদ্র উপকূলে এই রহস্যময় দেওয়ালটি কিন্তু মোটেও বিশাল লম্বা নয়। লম্বায় ৪০০ ফুটের মত। এই ছোট অংশ জুড়ে দেওয়ালটি কেন, কি কাজে আসত এই দেওয়াল তা পরিস্কার করে জানা না গেলেও একের পর এক মতামত সামনে আসছে।

যেমন কারও মতে, দেওয়ালটি তৈরি হয়েছিল সে সময় সেই সমুদ্র উপকূলে বসবাসকারীদের হাতে। মাছ ধরার জন্যই এই দেওয়াল তৈরি করেন তাঁরা।

আবার কারও মতে, সে সময় সমুদ্রের জলস্তর বৃদ্ধি পাচ্ছিল। যাতে সেই জলস্তর বৃদ্ধি তাঁদের বসবাসের জন্য একটি অন্তরায় তৈরি না করে সেজন্য দেওয়াল গেঁথে সেই জলস্তর বৃদ্ধি থেকে বাঁচার চেষ্টা হয়েছিল। কিন্তু দেওয়াল তৈরির সঠিক কারণ হিসাবে কোনওটিই এখনও মান্যতা পায়নি।

দেওয়ালটি পাথরের তৈরি একের পর এক ইটের মত ব্লক দিয়ে তৈরি। তবে প্রতিটি ব্লকই অত্যন্ত ভারী। ৭ হাজার বছর আগের এই জলের তলার দেওয়াল কিন্তু জলের তলার প্রত্নতাত্ত্বিক নিদর্শনের ক্ষেত্রে এক অনন্য আবিষ্কার সন্দেহ নেই। বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হয়েছে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *