সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং শুরু, সামনে এল সিনেমার নাম
সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার শ্যুটিং। সিনেমার নামটাও জানা গেল।
সৌরভ গঙ্গোপাধ্যায় এমন একটা নাম যা ভারতীয় ক্রিকেটে রেনেসাঁ নিয়ে এসেছিলেন। তাঁর অধিনায়কত্বে ভারতীয় ক্রিকেট তার ভোল বদলে ফেলে। ভারতে আধুনিক ক্রিকেটের রূপকার বলা হয় সৌরভকে।
তাঁর নেতৃত্বে ভারতীয় দলে জায়গা পান যুবরাজ সিং, হরভজন সিং, বীরেন্দ্র সেহবাগ, জাহির খান সহ তাবড় নাম। ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল অধিনায়কও তিনি।
বাংলার গর্ব সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে একটা বায়োপিকের কথা অনেকদিন ধরেই চলছিল। এমনকি তাঁর চরিত্রে কে অভিনয় করবেন তা নিয়েও জল্পনা চলছিল। একবার রণবীর কাপুরের নাম সামনে আসে। পরে তা পরিবর্তিত হয়ে সামনে আসে রাজকুমার রাওয়ের নাম।
অবশেষে রাজকুমার রাও সৌরভের ভূমিকায় অভিনয় করবেন বলে স্থির হয়। সেই সিনেমার শ্যুটিং শুরু হয়ে গেল। শ্যুটিং শুরুর ছবি রাজকুমারই তাঁর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।
সৌরভকে নিয়ে সিনেমা স্থির হলেও তার নাম কি হবে তা নিয়ে একটা জল্পনা চলছিল। এবার সেটাও পরিস্কার হয়ে গেল। সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমার নাম হচ্ছে, ‘দাদা: দ্যা সৌরভ গাঙ্গুলি স্টোরি’।
সিনেমায় সৌরভের ক্রিকেট জীবন, তাঁর সাফল্য, ভারতীয় ক্রিকেটকে আধুনিক রূপদান সহ সৌরভের ক্রিকেট ও ব্যক্তিগত জীবনের বিভিন্ন দিক সামনে আসবে বলে মনে করা হচ্ছে।
সৌরভের ঝুলিতে রয়েছে ৩৮টি আন্তর্জাতিক সেঞ্চুরি, ২০০৩ সালে বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে পৌঁছনো ভারতীয় দলকে নেতৃত্বদান, ২০০২ সালে ন্যাটওয়েস্ট ট্রফি জয় সহ বিভিন্ন সাফল্য। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা













