ভারতের পছন্দের জলখাবার সিঙ্গারা, কোন শহরকে ডাকা হয় সিঙ্গারার রাজধানী বলে

এ শহর সকলের চেনা। যাকে সিঙ্গারার রাজধানী বলে ডাকা হয়। ভারতের পুরাতনি জলখাবারের তালিকায় সিঙ্গারা এক জিভে জল আনা খাবার সন্দেহ নেই।

সিঙ্গারা, প্রতীকী ছবি

স্যান্ডউইচ, বার্গার,‌ পিৎজা, মোমো, কনফেকশনারি ফুড থেকে শুরু করে নানা বিদেশি খাবার এখন দেশিয় বাজারে মানুষের রসনা তৃপ্ত করছে। কিন্তু এখনও আদি অনন্ত সিঙ্গারা বা সামোসাকে তার জায়গা থেকে ঠেলে সরানো যায়নি। এখনও সব বয়সের মানুষের কাছেই সিঙ্গারা এক পছন্দের জলখাবার।

সিঙ্গারাও বিদেশি খাবারই, কিন্তু তা এত আগে এ দেশে এসেছিল যে এখন সিঙ্গারা মানুষের কাছে এক ভারতীয় খাবারের মর্যাদা পায়। আলুর পুর ভরা সিঙ্গারার টান থেকে নিজেকে আলাদা রাখতে পারেননা কেউই।

ভারতের প্রায় সব শহরেই সিঙ্গারা পাওয়া যায়। বাংলায় যা সিঙ্গারা অন্য রাজ্যে তা সামোসা। ব্যাপারটা একই। ভারতের সব শহরে সিঙ্গারা জনপ্রিয় হলেও দিল্লিতে এর চাহিদা নজরকাড়া।

এখানে অবশ্য সিঙ্গারা সামোসা নামে খ্যাত। আর সে সামোসা আবার নানা স্বাদের হয়। আলুর পুর যেমন চিরাচরিত, তেমন আবার এখন দিল্লিতে পছন্দের সামোসায় পুর হিসাবে জায়গা পাচ্ছে পনির থেকে মাংসের কিমা।

দিল্লির চিত্তরঞ্জন পার্ক বিখ্যাত বাঙালিদের জন্য। এখানে বহু বাঙালির বাস। সেখানেই আবার বাঙালির প্রিয় সিঙ্গারা বিখ্যাত। দিল্লির অনেক মানুষ সেই বাঙালি সিঙ্গারা খেতে এখানে হাজির হন।

দিল্লিতে যেহেতু সিঙ্গারা বা সামোসার কদর প্রশ্নাতীত, তাই দিল্লিকে ডাকা হয় ভারতের সিঙ্গারার রাজধানী বলে। দিল্লি ছাড়াও উত্তরপ্রদেশের ঝাঁসি থেকে তেলেঙ্গানার হায়দরাবাদ, সব জায়গাতেই সিঙ্গারা সেখানকার মানুষের বড় জনপ্রিয় জলখাবার।