সমুদ্রের ধারে বালির ওপর আশ্চর্য ৬ গোলকের দেখা, কি ওগুলো, রহস্য কাটছে না

সমুদ্রের ধারে বালির ওপর আশ্চর্য গোলকের দেখা পেলেন সেখানে ঘুরতে যাওয়া মানুষজন। ১টি নয়, এমন ৬টি গোলক উদ্ধার হয়েছে। কি ওগুলো তা এখনও রহস্যাবৃত।

সমুদ্রসৈকতে আশ্চর্য গোলক, ছবি – সৌজন্যে – এক্স – @QldFireDept

সমুদ্রের ধারে অন্য দিনের মতই ঘুরে বেড়াচ্ছিলেন স্থানীয় কয়েকজন মানুষ। তাঁদেরই দৃষ্টি আকর্ষণ করে বিষয়টি। সমুদ্রের ধারে পড়ে আছে আশ্চর্য গোলক। কি ওটা? কিছুই উদ্ধার করতে পারেননি তাঁরা। দ্রুত খবর যায় প্রশাসনের কাছে।

খবর পেয়ে প্রশাসনিক আধিকারিকরা সেখানে হাজির হন। হাজির হন স্থানীয় দমকল আধিকারিকরা। খোঁজ শুরু হয় আশপাশে। আর তা করতে গিয়ে রহস্য আরও ঘনীভূত হয়।

কারণ আশপাশের সমুদ্রসৈকত মিলিয়ে এমন মোট ৬টি গোলক উদ্ধার হয়। যা কোথা থেকে এল, কি ওগুলো কিছুই কারও কাছে পরিস্কার নয়। কেবল এটা বোঝা গেছে সেগুলি সমুদ্রের জলে ভেসে এসে আটকেছে বালুকাবেলায়।

কুইন্সল্যান্ড পুলিশের তরফ থেকে স্থানীয় মানুষকে সতর্কও করা হয় যাতে তাঁরা গোলকগুলির ধারেকাছে না যান। কারণ ওই গোলকে ক্ষতিকারক রাসায়নিকের উপস্থিতি থাকা আশ্চর্য নয়। এমনকি সেগুলির মধ্যে ৫টিতেই এমন রাসায়নিকের উপস্থিতি রয়েছে বলে দেখা যায়।

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের সমুদ্রসৈকত থেকে পাওয়া ওই আশ্চর্য গোলকদের নিয়ে স্থানীয় প্রশাসনের ধারনা সেগুলি মহাকাশযানের অংশ হতে পারে। হয়তো সেগুলি আকাশ থেকে খসে জলে পড়ার পর ভেসে ওই সমুদ্রসৈকতে ঠেকেছে।

কিন্তু তাও নিশ্চিত করে কিছু বলতে পারছেন না বিশেষজ্ঞেরা। বরং গোলকগুলি পরীক্ষা করে দেখার কাজ চলছে। যাতে সেগুলি ঠিক কি তার হদিশ পাওয়া যায়।