পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর
কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে থাকা গরম থেকে রেহাই কবে। পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।
এপ্রিল মাস পড়ে গেছে। আর তার সঙ্গেই তাল মিলিয়ে গরম সহ্যের মাত্রা ছেড়ে অসহ্য পর্যায়ে পৌঁছে যাচ্ছে। তরতর করে চড়ছে পারদ। একটু বেলা হলেই রাস্তায় রোদের তেজে গলদঘর্ম অবস্থা হচ্ছে। রোদ সহ্য করা যাচ্ছেনা।
প্রতিদিনই চড়ছে পারদ। এই অবস্থা থেকে এবার একটু রেহাই চাইছেন সকলে। এই গরম থেকে রেহাই দিতে পারে কেবল ঝড়বৃষ্টি। যা এই সময় হয়েও থাকে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার পর্যন্ত গরম থেকে রেহাই নেই। বরং একটা অস্বস্তিকর চড়া গরম সহ্য করতে হবে দক্ষিণবঙ্গবাসীকে। রবিবার থেকে বদলে যেতে পারে আবহাওয়া।
রবিবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যা রবিবার বলেই নয়, সোমবার এবং মঙ্গলবারও চলবে। কোথাও কালবৈশাখীর সঙ্গে বৃষ্টি তো কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
ফলে আবহাওয়ায় বদল আসবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার পর্যন্ত পারদ চড়বে। তবে রবিবার থেকে ফের পারদ পতন হবে। তারপর ৪ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি পড়তে পারে।
উত্তরবঙ্গে অবশ্য অধিকাংশ জেলাতেই টানা ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পারদ পতন এখনই হচ্ছেনা। আগামী ৩ দিনে প্রায় ৩ ডিগ্রি পর্যন্ত চড়তে পারে পারদ।
তারপর ৪ দিনে আবার ৩ থেকে ৪ ডিগ্রি কমতে পারে সর্বোচ্চ তাপমাত্রা। ফলে পশ্চিমবঙ্গ জুড়েই আগামী সপ্তাহের শুরুতে চড়তে থাকা পারদে রাশ পড়তে পারে।













