State

একরাতেই অনেকটা পারদ পতন, বঙ্গে ঝড়বৃষ্টি কি চলবে, জানাল আবহাওয়া দফতর

শুক্রবার রাতের বৃষ্টিতে অনেকটা পড়ে গেছে পারদ। কলকাতা সহ বাংলা জুড়ে কি ঝড়বৃষ্টি চলবে, নাকি গরম বাড়বে। কি বলছে আবহাওয়া দফতর।

পারদ চড়া শুরু হয়েছিল দক্ষিণবঙ্গে। গরমে কষ্টও হচ্ছিল। বেলা বাড়লে রোদে বেশিক্ষণ থাকাটা মুশকিল হচ্ছিল। ঘামে ভিজছিল শরীর। অনেক বাড়িতে এসি চালানোও শুরু হয়ে গিয়েছিল।

গত শুক্রবার সারাদিনই এমন উষ্ণ আবহাওয়া থাকার পর রাতের দিকে বিভিন্ন জায়গায় শুরু হয় ঝোড়ো হাওয়ার দাপট। সঙ্গে শুরু হয় বৃষ্টি। কোথাও বেশি তো কোথাও কম। কিন্তু বৃষ্টি হয়েছে।

আবার তা অনেক জায়গায় সারারাত ধরেই মাঝে মাঝে নেমেছে। যা রাতেই পারদ অনেকটা নামিয়ে আনে। শনিবার সকালেও অনেক জায়গায় হালকা বৃষ্টি হয়। আকাশ ছিল প্রধানত মেঘলা।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তার জেরেই এই ঝড়বৃষ্টি। আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে এই বৃষ্টি শনিবারও চলবে। রবিবারও ঝড়বৃষ্টির দাপট অব্যাহত থাকবে।

সোমবার অবশ্য প্রকোপ কিছুটা কমলেও ফের মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর জানিয়েছে সর্বোচ্চ পারদ আগামী ২ দিনে ২ থেকে ৪ ডিগ্রি পড়বে। তারপর ফের তা চড়বে। তারপরের ৪ দিনে ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে পারদ।

উত্তরবঙ্গেও বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি চলবে। আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস থাকছে। ফলে মার্চ মাসে এবার সেই অসহ্য গরমের তেজ সহ্য করতে হল না রাজ্যবাসীকে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *