রাজ্যে জারি হলুদ ও কমলা সতর্কতা, কোন জেলায় কোন সতর্কতা জানাল হাওয়া অফিস
রাজ্যে হলুদ ও কমলা সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। চৈত্রের দরজায় বদলে যাবে আবহাওয়া। কোন জেলায় কবে পর্যন্ত কোন সতর্কতা জারি করল হাওয়া অফিস।
দীর্ঘ অপেক্ষার শেষে চলতি সপ্তাহেই বৃষ্টি পেয়েছে রাজ্য। এবার সেই সপ্তাহ শেষও হবে বৃষ্টি দিয়ে। এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তবে রবিবার থেকে যে আবহাওয়া বদলে যাবে তা আগেই জানিয়ে দিয়েছিল হাওয়া অফিস।
রবিবার থেকে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র বৃষ্টির পূর্বাভাস রয়েছে। প্রতিটি জেলার জন্যই জারি হয়েছে হলুদ অথবা কমলা সতর্কতা। তাও আবার টানা ৩ দিনের জন্য।
কলকাতার জন্য রবি, সোম ও মঙ্গলবারের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। ৫০ কিলোমিটার পর্যন্ত চড়তে পারে ঝড়ের গতি।
কলকাতা সহ হাওড়া, দুই ২৪ পরগনা, ২ মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, মুর্শিদাবাদ ও নদিয়ায় একই সতর্কতা জারি হয়েছে। বাঁকুড়া, ২ বর্ধমান এবং বীরভূমে আগামী রবিবার ও মঙ্গলবার হলুদ সতর্কতা থাকলেও সোমবার কমলা সতর্কতা জারি হয়েছে।
সোমবার সেখানে বৃষ্টির সঙ্গে ঝড়ের গতি ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্তও চড়তে পারে। দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা আগামী ২ দিনে তেমন না বদলালেও তারপর ২ দিন ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে।
উত্তরবঙ্গে কিন্তু রবিবারই দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে কমলা সতর্কতা জারি হয়েছে। এই জেলাগুলিতে রবিবার প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
রবিবার অন্য ৩ জেলা ২ দিনাজপুর ও মালদার জন্য হলুদ সতর্কতা রয়েছে। এখানে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। উত্তরবঙ্গের প্রতিটি জেলার জন্যই সোমবার ও মঙ্গলবার হলুদ সতর্কতা থাকছে। আগামী বুধবার ২ দিনাজপুর ও মালদা বাদে বাকি জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি থাকছে।
উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ, সব জেলায় আগামী ৩ দিনে যতটা ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে ততটা না থাকলেও আগামী ৭ দিনে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।













