বাড়ল ডিএ, লক্ষ্মীর ভান্ডার, যুক্ত হল মাধ্যমিক পাশদের জন্য ভাতা, কেমন হল রাজ্য বাজেট
বিধানসভায় পেশ হল রাজ্য বাজেট। যেহেতু সামনে বিধানসভা ভোট তাই এবারের বাজেট অন্তর্বর্তী বাজেট। যেখানে বাড়ল ডিএ। যুক্ত হল মাধ্যমিক পাশদের জন্য ভাতা।
ভোটমুখী বাজেট বলা যেতেই পারে। এদিন বিধানসভায় পেশ হল অন্তর্বর্তী বাজেট। সামনে বিধানসভা ভোট থাকায় পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে পারেনি রাজ্যসরকার। বাজেটে ডিএ বাড়ছে কিনা তা নিয়ে জল্পনা তুঙ্গে ছিল। সেটা সত্যি হল। ৪ শতাংশ করে বাড়ল রাজ্য সরকারি কর্মচারিদের ডিএ বা মহার্ঘভাতা।
প্রসঙ্গত এদিনই সুপ্রিম কোর্ট রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্যসরকারকে। যদিও তার সঙ্গে এই ডিএ বৃদ্ধির কোনও সম্পর্ক নেই। এদিন বাজেট পেশের সময় সপ্তম পে কমিশনও ঘোষণা করেছেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
এদিকে রাজ্যের মহিলা ভোটের কথা মাথায় রেখে এবার ফের লক্ষ্মীর ভান্ডারকে পাখির চোখ করল মমতা সরকার। লক্ষ্মীর ভান্ডারে ৫০০ টাকা করে বাড়ানো হল।
ফলে যাঁরা এতদিন ১ হাজার টাকা করে পাচ্ছিলেন তাঁরা পাবেন ১৫০০ টাকা করে। আর যে তফশিলি, জনজাতির মহিলারা ১২০০ টাকা করে লক্ষ্মীর ভান্ডার পান তাঁরা পাবেন ১৭০০ টাকা করে।
মাধ্যমিক পাশ বেকারদের জন্যও এবার একদম নতুন ঘোষণার পথে হেঁটেছে মমতা সরকার। ২১ বছর বয়সী থেকে ৪০ বছর বয়সী বেকার যুবক যুবতী যাঁরা মাধ্যমিক পাশ করেছেন তাঁরা ১৫০০ টাকা করে মাসিক ভাতা পাবেন। এর নাম দেওয়া হয়েছে বাংলার যুবসাথী।
এই প্রকল্পের আওতায় আগামী দিনে সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত এই ভাতা পাবেন মাধ্যমিক পাশ বেকাররা। তবে তাঁরা এর মধ্যে চাকরি পেয়ে গেলে এই ভাতা বন্ধ হয়ে যাবে।
রাজ্য বাজেটে এবার আশা কর্মীদের জন্যও রয়েছে সুখবর। ১ হাজার টাকা করে বাড়ছে আশা কর্মীদের টাকা। এছাড়া সিভিক ভলেন্টিয়ারদের ১ হাজার টাকা করে বেতন বাড়ছে। বেশ কিছুটা সুরাহা দেওয়া হয়েছে পেনশনভোগীদের হেলথ কার্ডের ক্ষেত্রেও।













