Business

বাজেটে কিসের দাম বাড়ল, কিসেরই বা কমল, কোন কোন জিনিসে সুরাহা পেলেন আমজনতা

রবিবার পেশ হল কেন্দ্রীয় বাজেট। বাজেটে কিসের দাম কমতে চলেছে এবং কিসের দাম বাড়তে চলেছে সেদিকে সকলের নজর থাকে। এবার সেক্ষেত্রে কি হল।

পেশ হল কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এদিন বাজেট পেশ করেন। বাজেটে সবচেয়ে বেশি মানুষের নজর থাকে কিসের দাম কমছে বা কিসের দাম বাড়ছে সেদিকে। কারণ এই বিষয়টি সরাসরি সাধারণ মানুষের প্রাত্যহিক জীবনের সঙ্গে জড়িত।

এবার বাজেট পেশের পর দেখা গেছে দাম বাড়তে চলেছে কয়লা, দামি গাড়ি, মদ, কফি ভেন্ডিং মেশিন, ব্যবসায় কাজে লাগা এলপিজি সিলিন্ডার অর্থাৎ ১৯ কেজির সিলিন্ডারের মত জিনিসের।

অন্যদিকে দাম কমতে চলেছে লিথিয়াম ব্যাটারি, টিভির যন্ত্রাংশ, ভিডিও গেম তৈরির প্রয়োজনীয় যন্ত্রাংশের, বিদেশে ঘুরতে যাওয়ার প্যাকেজ, চামড়ার জিনিস, চামড়ার জুতো, সৌরশক্তি উৎপাদনের যন্ত্রাংশের, মাইক্রোওয়েভ, ক্যানসারের ওষুধ, সামুদ্রিক মাছ, বিমানের যন্ত্রাংশের।

এবারের বাজেটে বিদেশে বসবাসকারী ভারতীয়দের ভারতীয় স্টকে লগ্নির রাস্তা খুলে গেছে। তাঁরা পোর্টফোলিও ইনভেস্টমেন্ট স্কিমে আগামী দিনে ভারতীয় স্টকে অর্থ লগ্নি করতে পারবেন।

এবার আয়ুর্বেদে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বাজেটে। ১ এপ্রিল থেকে চালু হচ্ছে আয়কর আইন। এবারের বাজেটে অবশ্য বাংলার জন্য তেমন কোনও ঘোষণা নেই।

এদিন বাজেট পেশের পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী কেন্দ্রীয় বাজেটের সমালোচনা করে প্রতিক্রিয়া দিয়েছেন। এবারের বাজেটকে দেশের আসল সমস্যার ক্ষেত্রে অন্ধ থাকা বাজেট বলে ব্যাখ্যা করেছেন তিনি।

বাজেটের সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। কেন্দ্রীয় বাজেটকে মিথ্যার জঞ্জাল বলে কটাক্ষ করেছেন তিনি। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বাজেটের প্রশংসা করেছেন।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *