জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া গেল বহু প্রাচীন গুপ্তধন। একটি সেরামিকের পাত্রে যা রাখা ছিল।
ভগবান বুদ্ধের একটি শায়িত মূর্তি। বেলেপাথরের তৈরি সেই বিশাল মূর্তির ৪ ফুট তলায় কাজ চলছিল। সেখানকার জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তারই ব্যবস্থা করা হচ্ছিল।
সেই কাজ করতে গিয়ে যে এমন কিছু পাওয়া যেতে পারে তা বোধহয় কেউ কল্পনা করেননি। যাঁরা কাজ করছিলেন সেই শ্রমিকরা টের পান মাটির তলায় কিছু রয়েছে।
মাটি সরাতে বেরিয়ে আসে একটি সেরামিকের পাত্র। ওটা যে সেখানে থাকতে পারে তা ভাবনার অতীত ছিল সকলের কাছে। অবাক হওয়ার তখনও বাকি ছিল।
সেরামিকের পাত্রটি বার করে আনার পর তার মধ্যে থেকে ৩৩টি প্রাচীন অলংকার বেরিয়ে আসে। যা সোনা, রূপো এবং ব্রোঞ্জ দিয়ে তৈরি। এটিকে একটি টাইম ক্যাপসুল হিসাবেই দেখছেন বিশেষজ্ঞেরা।
এত পুরনো কোনও জিনিস এই প্রথম পাওয়া গেল। ওয়াট থাম্মাচাক সেমারাম মন্দিরের শায়িত বুদ্ধের মূর্তির তলায় যে এমন গুপ্তধনের সন্ধান পাওয়া যাবে তা জানতেন না বিশেষজ্ঞেরাও।
প্রাথমিক পরীক্ষার পর বিশেষজ্ঞেরা নিশ্চিত এগুলি দিভারাবাতি যুগের। তারমানে এর বয়স কম করে ১ হাজার ৩০০ বছর। এই প্রাচীন গয়না পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে থাইল্যান্ডের ফাইন আর্টস বিভাগ।
থাইল্যান্ডের ফিমাই এলাকার ওয়াট থাম্মাচাক সেমারাম মন্দির জনপ্রিয়। সেখানে শায়িত বুদ্ধের মূর্তি দেখতে বহু মানুষের ভিড় জমে। সেখানে যে শায়িত বুদ্ধের মূর্তি এতদিন নজর কেড়েছে তার তলায় গুপ্তধন এবার থাইল্যান্ডের সকলের নজর কেড়ে নিয়েছে। এই গুপ্তধন প্রাপ্তির কথা বিভিন্ন স্থানীয় সংবাদমাধ্যম থেকে বিশ্বজুড়ে নানা সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়তে সময় নেয়নি।













