লুকিয়ে ছদ্মবেশে বাড়ি ফিরলেন বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেটার
নিজেকে চিনতে না দিয়ে লুকিয়ে বাড়ি ফিরলেন ভারতের টি২০ বিশ্বকাপজয়ী ক্রিকেটার। কাপ জেতার পর বাড়ি ফিরলেন তিনি। সেটাও কার্যত ছদ্মবেশ ধারণ করে।
টি২০ বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য তিনি। বিশ্বকাপ জয়ে তাঁর অবদানও যথেষ্ট। তাঁকেই কিনা লুকিয়ে ছদ্মবেশ ধারণ করে বাড়ি ফিরত হয়। একা নন, সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ও এক বন্ধুও।
আমেদাবাদে স্বপ্নের বিশ্বকাপ জয়ের পর ভারতীয় ক্রিকেটাররা বাড়ি ফেরেন। যে যাঁর বাড়ির পথে রওনা দেন। শিবম দুবে থাকেন মুম্বই শহরে। আমেদাবাদ থেকে বিমানে স্ত্রী ও তাঁর এক বন্ধুকে নিয়ে মুম্বই ফেরার কথা।
কিন্তু বিমানের টিকিট বুক করতে গিয়ে তিনি দেখেন একটাও টিকিট নেই। অনেক চেষ্টা করেও বিমানের টিকিটের ব্যবস্থা শিবম দুবে করে উঠতে পারেননি।
এদিকে বাড়িতে তাঁর ২ সন্তান রয়েছে। দ্রুত তাদের কাছে ফিরতে চাইছিলেন শিবম। অগত্যা তিনি স্থির করেন বিমানে যখন টিকিট পাওয়া যায়নি, তখন তিনি ট্রেনেই ফিরবেন। ট্রেনের থ্রি টায়ার এসি কামরার টিকিট পান শিবম। সেটাই কেটে ফেলেন।
ট্রেনের টিকিট তো পাওয়া গেল। কিন্তু সদ্য বিশ্বকাপ জেতা ভারতীয় দলের অন্যতম তারকা শিবম দুবেকে সাধারণ মানুষ রাস্তায় চিনে ফেললে তো মুশকিল। অগত্যা ছদ্মবেশ।
ভোরের ট্রেন। তবু ঝুঁকি না নিয়ে শিবম মাথায় টুপি, মুখে মাস্ক পরে হাজির হন প্ল্যাটফর্মে। তাও ট্রেন ছাড়ার ঠিক আগের মুহুর্তে। পরনে ছিল ফুল হাতা জামা। ট্রেনে উঠে আপার বার্থে উঠে যান শিবম। যাতে তাঁকে কেউ চিনতে না পারেন।
মাঝে একটা সমস্যা যে হয়নি তা নয়। পুরো ট্রেন যাত্রায় তাঁকে কেউ চিনতে পারেননি। তবে টিকিট চেকার একবার এসে শিবম দুবে কে জানতে চান। এটাও জানতে চান তিনি কি ক্রিকেটার শিবম দুবে?
এখানে উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়ে শিবমের স্ত্রী অঞ্জুম টিকিট চেকারকে জানান, এটা কীভাবে সম্ভব! ক্রিকেটার শিবম দুবে ট্রেনে কীভাবে আসবেন! টিকিট চেকার এটা শুনে চলে যান। হয়তো ভাবেন সত্যিই তো ক্রিকেটার শিবম দুবে ট্রেনে চড়তে যাবেন কেন? পরে বোরিভলি স্টেশন থেকে পুলিশ শিবম, তাঁর স্ত্রী অঞ্জুম এবং শিবমের বন্ধুকে সুরক্ষা ঘেরাটোপে বার করে নিয়ে যায়।

