বিশ্বকাপ জিতেছেন সঞ্জু স্যামসন, আনন্দে লক্ষাধিক টাকা বিলিয়ে দিলেন এক ব্যবসায়ী
টি২০ বিশ্বকাপ জয়ে সঞ্জু স্যামসনের অবদান নিয়ে কোনও প্রশ্নের অবকাশ নেই। সেই সঞ্জুর সাফল্যে আবেগতাড়িত হয়ে লক্ষাধিক টাকা বিলিয়ে দিলেন এক ব্যবসায়ী।
টি২০ বিশ্বকাপে ভারতের জয় গোটা দেশবাসীকেই আবেগতাড়িত করেছে। বিশ্বজয়ের আনন্দ নিজের মত করে উপভোগ করেছেন দেশবাসী। এরমধ্যেই এক কাপড় ব্যবসায়ী বিশ্বকাপের ফাইনালে সঞ্জু স্যামসনের কৃতিত্বকে সামনে রেখে ১ লক্ষ ৬৪ হাজার টাকা বিলিয়ে দিলেন তাঁর দোকানের কর্মচারিদের মধ্যে।
সঞ্জুর বিশ্বকাপ জয়ের বোনাস হিসাবে তিনি এই টাকা তাঁর প্রতিটি কর্মচারির মধ্যে সমানভাবে ভাগ করে দেন। যাতে প্রতি কর্মচারি ২ হাজার টাকা করে হাতে পান।
কেরালার কোট্টায়াম জেলার পামপাডি-র বাসিন্দা ওই মধ্যবয়সী ব্যক্তি সঞ্জু স্যামসনের কৃতিত্বে এতটাই আবেগতাড়িত হন যে তিনি ওই টাকা বিলিয়ে দেন কর্মচারিদের মধ্যে। সঞ্জুও কেরালার বাসিন্দা।
এক্ষেত্রে মালয়ালি হওয়াটা ওই ব্যক্তিকে প্রভাবিত করে। তিনি সঞ্জুর মধ্যে তাঁর মতই এক মালয়ালি মানুষকে খুঁজে পান। সঞ্জুর কৃতিত্বে তিনি এতটাই গর্বিত যে কেবল ফাইনাল বলেই নয়, সেমিফাইনাল ও প্রথম ৮-এর লড়াইতেও সঞ্জুর কৃতিত্বের জন্য কর্মচারিদের মধ্যে টাকা বিলিয়ে দেন তিনি।
সঞ্জু ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪৬ বলে ৮৯ রান করেন। সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অপরাজিত ৯৭ রান করেন। সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৮৯ রান করেন। প্রতিটি রানই এই ম্যাচগুলিতে ভারতের জয়ের পথ মসৃণ করে দেয়।
সঞ্জুর এই সাফল্যে আপ্লুত ওই ব্যবসায়ী সুপার এইটে সঞ্জুর বড় রানের জন্য কর্মচারিদের মধ্যে ৩১ হাজার টাকা বিলিয়ে দেন। সেমিফাইনালে সঞ্জুর দারুণ ব্যাটিংকে সামনে রেখে আনন্দে ৬২ হাজার টাকা বিলিয়ে দেন কর্মচারিদের মধ্যে।
তারপর ফাইনালে প্রতি কর্মচারি পান ১ হাজার টাকা করে। সঞ্জুর প্রতি তাঁর এই আবেগ ওই ব্যবসায়ীকে যেমন আনন্দিত করেছে, তেমনই কর্মচারিদের পকেট কিছুটা টাকায় ভরেছে।

