একটা গুহা সাহারা মরুভূমির অন্য রহস্য উন্মোচন করল, ৮ হাজার বছর আগে সাহারা ছিল অন্যরকম
৮ হাজার বছর আগেও সাহারা মরুভূমি একদম অন্য চেহারায় বিরাজ করত। একটা গুহা সাহারার অনেক রহস্য উন্মোচন করল। যা জানলে অবিশ্বাস্য লাগবে।
পৃথিবীর সবচেয়ে বড় উত্তপ্ত মরুভূমি হল সাহারা। আর আয়তনে পৃথিবীর তৃতীয় বড় মরুভূমি। ৯২ লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে শুধুই ধূধূ বালির প্রান্তর। অসহ্য গরম। মানুষের বসবাসের অযোগ্য।
একটি গুহা কিন্তু সাহারা সম্বন্ধে এমন কিছু বলে দিল যা জানলে অবাক হতে হয়। মরক্কোয় একটি প্রত্যন্ত গুহায় প্রবেশ করেছিলেন বিজ্ঞানীরা। আর সেখানে প্রবেশ করার পর তাঁরা দেখেন সেখানে প্রচুর স্ট্যালাগমাইট স্তম্ভ রয়েছে। যা গুহার মেঝে থেকে উপর পর্যন্ত উঠে গেছে।
যাতে মিশে থাকা ইউরেনিয়াম এবং থোরিয়াম আইসোটোপ পরীক্ষা করে বিজ্ঞানীরা জানতে পারেন ৮ হাজার ৭০০ বছর আগে সাহারা মোটেও মরুভূমি ছিলনা। বরং সেখানে প্রবল বৃষ্টি হত। রীতিমত বর্ষাকাল ছিল সেখানে। চারধার ভরা ছিল সবুজে।
প্রবল বৃষ্টি যে হত আর তা যে ওই ৮ হাজার বছর আগেও হত, তা সঠিক করে বিজ্ঞানীরা জানতে পারেন ওই স্ট্যালাগমাইট স্তম্ভগুলি পরীক্ষার পর। সাহারা যে আজকের মত মরুভূমি ছিলনা, সেখানে যে বালির কণাও ছিলনা, তা এই গুহা বলে দিয়ে গেল।
আফ্রিকার আর্দ্র সময়কাল হল ৮ হাজার ৭০০ বছর থেকে ৪ হাজার ৩০০ বছর পর্যন্ত। সে সময় সাহারা মরুভূমি বলে কিছু ছিলনা। সাহারা ছিল বৃষ্টি ভেজা এক সবুজ অরণ্য।
অ্যাটলাস পর্বতমালার কাছেই দক্ষিণ মরক্কোয় এই গুহাটির খোঁজ পাওয়া যায়। তারপরই জানা যায় সাহারার এই পুরনো ইতিহাস। বিভিন্ন বিজ্ঞান ভিত্তিক পত্রিকায় সাহারার এই অজানা সত্য পড়ার পর বহু মানুষ অবাক হয়েছেন। অনেকেই বিশ্বাস করতে পারছেন না তাঁদের চেনা সাহারা ছিল সবুজে ভরা। প্রবল বৃষ্টি হত সেখানে।













