আবিষ্কার হল ১২ হাজার বছর পুরনো সেলাই করা পোশাক, মানব ইতিহাসে নতুন অধ্যায়
গুহার মধ্যে থেকে মানুষের তৈরি সবচেয়ে পুরনো পোশাকের খোঁজ পাওয়া গেল যা সেলাই করে পরা হত। এখনও এত পুরনো সেলাই করা পোশাকের খোঁজ পাওয়া যায়নি।
একটি গুহার মধ্যে একসময় মানুষের বাস ছিল। সময়টা তুষার যুগের শেষের দিক। আনুমানিক ১২ হাজার বছর পুরনো দিনের কথা। সে সময় পৃথিবীর পারদ উল্লেখযোগ্য ভাবে কমে গিয়েছিল। প্রবল ঠান্ডা। তার মধ্যে বসবাসের জন্য সে সময়কার মানুষ গায়ে চামড়ার তৈরি পোশাক পরত।
সেই পোশাক তারা সেলাই করে পরত। অন্তত উত্তর আমেরিকার অরিগনের একটি গুহা থেকে যা নিদর্শন প্রত্নতাত্ত্বিকরা উদ্ধার করেছেন তাতে সেটাই মনে করা হচ্ছে।
ওই গুহায় চামড়ার খণ্ড জুড়ে তৈরি পোশাকের খোঁজ পাওয়া গেছে। খণ্ডগুলি সেলাই করে জোড়া হয়েছিল। সেলাই করা হয়েছিল হাড় থেকে তৈরি একধরনের সূচ দিয়ে।
যে দড়ি ব্যবহার হয়েছিল সেলাই করার জন্য, তা চামড়া দিয়েই তৈরি। পৃথিবীর বুকে এখনও পর্যন্ত আদিকালের যত সেলাই করা পোশাক পাওয়া গিয়েছে, এই পোশাক তারমধ্যে সবচেয়ে পুরনো।
১২ হাজার বছর আগে এই পোশাক তৈরি হয়েছিল বলে জানতে পেরেছেন বিজ্ঞানীরা। পোশাক ছাড়াও ওই গুহায় এমন কিছু জিনিস পাওয়া গিয়েছে যা সে সময় শিকারের কাজে লাগত।
সেই সময় যে মানুষ সেলাই করার পদ্ধতি রপ্ত করেছিল তা বেশ অবাক করেছে বিজ্ঞানীদের। উত্তর আমেরিকার ওই গুহা থেকে যা পাওয়া গেল তা মানব ইতিহাসে একটা নতুন অধ্যায় যুক্ত করল বলেই মনে করা হচ্ছে। উদ্ধার হওয়া জিনিসগুলি আরও ভাল করে পরীক্ষা করে দেখছেন বিশেষজ্ঞেরা।













