আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি
ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি বিক্রি হল তা আগে কখনও হয়নি। দাম শুনলে চমকে যেতে হয়।
১৯৪৫ সালে একটি ওয়াইনের বোতল তৈরি করা হয়েছিল। যা তৈরি হয়েছিল বিশেষ ধরনের আঙুর দিয়ে। এটা এতটাই ভাল ছিল যে তা নিয়ে আগেও আলোচনা হয়েছে।
তেমনই একটি বোতল ছিল এক ব্যক্তির কাছে। যিনি ব্যক্তিগত সংগ্রহে রেখেছিলেন এই ওয়াইনের বোতলটিকে। তিনি এই ওয়াইনের বোতলটি নিলামে তোলেন। নিলাম সংস্থা একার এই বোতলটিকে নিলামে তোলে। শুরু হয় দাম হাঁকা।
ডোমেইনে দে লা রামোনি কন্টি নামে ১৯৪৫ সালের এই ৭৫০ মিলিলিটারের ওয়াইন বোতলটির দাম চড়তে চড়তে গিয়ে ঠেকে ৮১২৫০০ ডলারে। ভারতীয় মুদ্রায় যা ৭ কোটি ৬০ লক্ষ টাকার কাছাকাছি।
এই বিপুল অর্থে এর আগে কোনও এমন পুরনো ওয়াইনের বোতল বিক্রি হয়নি নিলামে। ২০১৮ সালে এমনই একটি পুরনো ওয়াইন বোতল বিক্রি হয়েছিল নিলামে। যার দাম উঠেছিল ৫৫৮০০০ ডলার। ভারতীয় মুদ্রায় ৫ কোটি ২১ লক্ষ টাকার মত।
সেটাই এতদিন ছিল নিলামে বিক্রি হওয়া সবচেয়ে দামি ওয়াইনের বোতল। এবার তাকেও টপকে গেল এই নতুন দাম। নিলামের বিষয়টি প্রেস রিলিজ করে জানিয়েছে নিলাম সংস্থা।
অবশ্যই এটা শুধু একটা নিলাম নয়, এটা একটা বিশ্বরেকর্ডও। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি একটি ওয়াইনের বোতল এবার সেই রেকর্ড গড়ে ফেলল।
নিলামটি হয়েছে ম্যানহাটনের আপার ওয়েস্ট সাইড এলাকায়। ওয়াইনটির সুখ্যাতি আগেও ছিল। এবার সেটির দাম নতুন উচ্চতায় পৌঁছে দিল এই পুরনো ওয়াইনটিকে।













