World

শহরে মেরু ভাল্লুক দেখে অবাক শহরবাসী, বরফ পড়তেই শুরু নানা কাণ্ড

এ শহর বিশ্বখ্যাত হতে পারে। তবে এখানে কখনও মেরু ভাল্লুক আসেনি। সেখানে এখন বরফের স্তূপ। আর সেই প্রবল তুষারপাতের পরই শুরু নানা কাণ্ড।

প্রবল তুষারঝড়। এমন তুষারঝড় বড় একটা দেখেননি এই শহরের মানুষ। বরফের প্রাচীর তৈরি হয়েছে শহরে। রাস্তাঘাট, পার্ক, বাড়িঘর, মাঠ ময়দান সব বরফের তলায় হারিয়ে গেছে। সেই প্রাকৃতিক দুর্যোগ থামলেও বরফের স্তর পুরু হয়ে রয়েছে শহরে।

সেখানেই একটি বরফ ভরা পার্কের ধার দিয়ে যাওয়ার সময় কয়েকজন অবাক হয়ে যান। সেই বরফের ওপর মেরু ভাল্লুক। বড় ভাল্লুকের সঙ্গে রয়েছে শাবকরাও।

নিউ ইয়র্ক শহরে মেরু ভাল্লুক! দেখে হতবাক হলেও আসলে তারা রক্তমাংসের মেরু ভাল্লুক নয়। পুরোটা বরফ দিয়েই তৈরি। যা ভরে আছে পার্কে। সেই বরফের ভাস্কর্যে মূর্ত হয়ে উঠেছে পোলার বেয়ার বা মেরু ভাল্লুকেরা।

শুধু কি ভাল্লুক! নিউ ইয়র্ক শহরে এখন ভাস্কর্য শিল্পীরা মেতে উঠেছেন ওই অফুরান বরফ দিয়ে নানারকম ভাস্কর্য তৈরি করতে। বিশেষত তরুণ শিল্পীদের উৎসাহের অন্ত নেই।

কোথাও বরফ দিয়ে তৈরি করা হয়েছে গুহা। কোথাও আবার বিশাল এলাকা জুড়ে তৈরি করা হয়েছে স্নোম্যানহেঞ্জ। কোথাও আবার মানুষের কোমর পর্যন্ত মূর্তি। যেখানে মুখ তো রয়েছেই, সেই সঙ্গে ওই মানুষের ভাস্কর্যে দেখা গেছে সিক্স প্যাক উদর। মজা করেই করা।

প্রচুর বরফ পেয়ে শিল্পীরা তাঁদের সৃজনশীলতার যে পরিচয় নিউ ইয়র্কের আনাচেকানাচে ফুটিয়ে তুলছেন তার তারিফ করছে গোটা বিশ্ব। বরফ গলে গেলে আর এমন শহর জুড়ে তুষার ভাস্কর্য থাকবেনা। তবে এই অস্থায়ী শিল্পে মাতোয়ারা নিউ ইয়র্কের শিল্পীরা।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *