জন্ম নিল প্রায় ৬ কেজি ওজনের শিশু, সাধারণ শিশুর দ্বিগুণ ওজন, হতবাক চিকিৎসকেরাও
তাঁদের সন্তান যে বড়সড় চেহারার প্রসব হতে চলেছে সে বিষয়টা পরিস্কার ছিল বাবা মায়ের কাছে। তবে যে ওজনের শিশুর জন্ম হয়েছে তা দেখে তাঁরাও বিস্মিত।
শিশুরা ভূমিষ্ঠ হওয়ার পরই তাদের ওজন নেওয়া হয়। সুস্থ ও বড়সড় চেহারার সন্তান সব বাবা মা চান। কিন্তু এক শিশু সকলকেই অবাক করেছে। শিশুটি জন্ম নেওয়ার পরই তার ওজন নেওয়া হয়। তাতে দেখা যায় তার ওজন ৫.৯ কেজি।
প্রায় ৬ কেজি বলা যেতেই পারে। যা কার্যত চিকিৎসকদেরও অবাক করেছে। যে কোনও শিশু জন্ম নেওয়ার পর তার যা ওজন হয় তার প্রায় দ্বিগুণ ওজনে জন্ম নিয়েছে এই শিশুটি। তবে ওজন নজরকাড়া বেশি এলেও তার সুস্থতা নিয়ে সংশয় নেই। ভাল আছে শিশুটি। ভাল আছেন মা।
সন্তানের ওজন নিয়ে কিছুটা অবাক হয়েছেন বাবা মা। কারণ তাঁরা এটা বুঝেছিলেন যে তাঁদের যে সন্তান আসতে চলেছে সে বড় চেহারার হবে। কিন্তু এতটা ওজন যে হবে সেটা তাঁরাও ভাবেননি। এমনকি তাঁদের সন্তান জন্মের পরই ৩ মাসের শিশুর পোশাক পরছে। ৩ মাসের শিশুর ডায়াপারই তার হচ্ছে।
নিউ ইয়র্কের কাউগা মেডিক্যাল সেন্টারে জন্ম নিয়েছে এই শিশু। তাকে নিয়ে চিকিৎসকদেরও কৌতূহলের শেষ নেই। ওই হাসপাতালে এর আগে এর চেয়ে বেশি ওজনের কোনও শিশুর জন্ম হয়নি। সেদিক থেকে রেকর্ড গড়ল এই হাসপাতাল।
তবে ৫.৯ কেজি ওজনের এই শিশুকে ঘিরে কৌতূহল চরমে উঠলেও সবে জন্ম নেওয়া শিশুর ওজনের নিরিখে এটা কিছুটা পিছিয়েই। কারণ রেকর্ড বলছে মধ্য পঞ্চাশের দশকে ইতালিতে জন্ম নেওয়া এক শিশুর ওজনই এখনও পৃথিবীর সবচেয়ে বেশি ওজনের সদ্যোজাতের রেকর্ড ধরে রেখেছে।
যে জন্ম নেওয়ার পর ওজন হয় ৯.৯৭ কেজি। সে তুলনায় নিউ ইয়র্কের ৫.৯ কেজির শিশুর ওজন অনেকটাই পিছিয়ে। তবে সকলের একটাই মত, শিশুর ওজন যাই হোক না কেন, সে সুস্থ থাকাটাই আসল কথা। সেটাই কাম্য।













