ভারী বৃষ্টি চলবে, দক্ষিণের রাজ্যে বন্যার মধ্যেই লাল সতর্কতা, সঙ্গে দোসর ঝড়

পরিস্থিতির উন্নতি দূরে থাক আরও কতটা জটিল আকার নেবে তা নিয়ে চিন্তিত সকলে। বন্যার মধ্যেই লাল সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। চিন্তা বাড়ল দুর্গত মানুষের।

কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত চিত্রে বৃষ্টিভেজা প্রকৃতি, প্রতীকী ছবি

সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু। ফলে বৃষ্টিতে বিরাম নেই। হালকা থেকে মাঝারি হলে কথা ছিলনা। কিন্তু বৃষ্টি হচ্ছে প্রবল। অন্তত ৭টি জেলার হাল বেহাল। বহু মানুষ সমস্যায়। তারমধ্যেই দক্ষিণের রাজ্যের ৭ জেলার জন্য লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

এখানে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহবিদেরা। ফলে পরিস্থিতি আরও ঘোরাল হবে। তার সঙ্গে সমুদ্রের ধারের মানুষজনের জন্য আলাদা করে সতর্কতা জারি হয়েছে। কারণ কেরালার সমুদ্র উত্তাল রয়েছে।

উত্তাল সমুদ্রের জল সমুদ্র তীরবর্তী বাসিন্দাদের জনবসতিতেও চলে আসতে পারে, এমন সম্ভাবনার কথা মাথায় রেখে আগাম সতর্ক করেছে আবহাওয়া দফতর। তারা কি নির্দেশ দিচ্ছে সেদিকে নজর রাখতে বলা হয়েছে বাসিন্দাদের।

সমুদ্রের ধারে যেতে মানা করা হয়েছে। মানা করা হয়েছে মৎস্যজীবীদেরও। তাঁদের আপাতত সমুদ্রে যেতে মানা। কেরালায় ঝোড়ো হাওয়ার দাপটের পূর্বাভাসও দিয়েছে হাওয়া অফিস।

এই ঝোড়ো হাওয়া এবং প্রবল বৃষ্টি সাধারণ মানুষের জনজীবনে যে ব্যাপক প্রভাব ফেলবে তা বলা বাহুল্য। অতি ভারী বৃষ্টির সঙ্গে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে চলা ঝড় খুব স্বাভাবিকভাবেই জনজীবন ব্যাহত করবে।

এত কিছুর মধ্যেও একটা স্বস্তির বার্তা দিয়েছে আবহাওয়া দফতর। জানিয়েছে যা পরিস্থিতি তাতে রবিবার থেকে বৃষ্টির দাপট কমবে। এদিকে কেরালার বন্যা দুর্গত এলাকায় উদ্ধারকারীরা তাঁদের কাজ চালিয়ে যাচ্ছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা