অলকানন্দা ফুঁসছে, বদ্রীনাথ হাইওয়ে সহ বন্ধ ৪৪টি রাস্তা, বন্ধ স্কুল, প্রবল বর্ষণে স্তব্ধ দেবভূমি

অলকানন্দার জল ক্রমশ বাড়ছে। ইতিমধ্যেই অনেক জায়গা জলের তলায়। বদ্রীনাথ হাইওয়ের একাধিক জায়গায় ধস নেমেছে। দেবভূমির জনজীবন কার্যত স্তব্ধ।

ধসে বিপর্যস্ত বদ্রীনাথের পথ, ছবি - আইএএনএস

বৃষ্টি হয়ে চলেছে। আর যত বৃষ্টি হচ্ছে ততই জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে। বদ্রীনাথ জাতীয় সড়কে একাধিক জায়গায় ধস নেমে রাস্তা বন্ধ। এই পথের ভানারপানি, গুলাবকোটি, বিরাহি-নিজমুলা স্থানগুলিতে পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়েই চলেছে। ফলে রাস্তায় স্তূপের মত পাথর জমেছে। দ্রুত তা সরানোর চেষ্টা চলছে। যাতে এই পথ খুলে দেওয়া যায়। পাগলনালা এলাকার অবস্থা সবচেয়ে খারাপ।

শুধু বদ্রীনাথ জাতীয় সড়ক বলেই নয় দেবভূমি উত্তরাখণ্ডের ৪৪টির ওপর রাস্তা নানা কারণে বন্ধ। সবচেয়ে খারাপ অবস্থা পৌরি গাড়োয়ালের। যান চলাচল করছেনা। এদিকে রাজ্যের প্রায় সব স্কুল বন্ধ রাখা হয়েছে। বেসরকারি স্কুলও বন্ধ।

রুদ্রপ্রয়াগে নমামি ঘাট অলকানন্দার জলের তলায় চলে গেছে। অলকানন্দা ফুঁসছে। জল বেড়ে চলা থামছে না। গাড়োয়াল অঞ্চলের পাহাড়গুলিতে লাগাতার বৃষ্টি অলকানন্দাকে আরও ফুলে ফেঁপে উঠতে সাহায্য করছে।

শুধু অলকানন্দা নয়, সরযূ নদীও ফুঁসছে। যা তার আশপাশের সাধারণ জনজীবনে প্রভাব ফেলেছে। পিথোরাগড় জেলা প্রশাসন আদি কৈলাস ও ওম পর্বত যাত্রা আপাতত বন্ধ করে দিয়েছে। তা আপাতত অনির্দিষ্টকালের জন্য বন্ধ।

সাধারণ মানুষকে অপ্রয়োজনে রাস্তায় বার হতে মানা করেছে প্রশাসন। তাছাড়া ধস প্রবণ এলাকা, নদীর ধার এড়িয়ে চলতে পরামর্শ দেওয়া হয়েছে। বৃষ্টি থেকে যে এখনই রেহাই মিলবে এমন কোনও পূর্বাভাস নেই। তবে এ চিত্র নতুন নয়। প্রতিবছরই উত্তরাখণ্ডের পাহাড়ি এলাকায় প্রবল বৃষ্টি এই অবস্থা তৈরি করে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা